সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১৩ কোটি ২১ লাখ ৭৭ হাজার ৪৯৮ টাকা মূল্যের বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করেছে। এ সময় ১৪১টি সফল অভিযানে ৫৪ জনকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১১১ দশমিক ৫ কিলোমিটার সীমান্তে ১২টি বিওপির মাধ্যমে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান পরিচালনা করছে বিজিবি। চলতি বছরে দায়িত্বপূর্ণ এলাকায় মোট ১৫ হাজার ৫৮০টি টহল পরিচালনা করা হয়।

জব্দ করা মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৮ কোটি ৮৩ লাখ ৪৫ হাজার ৭৭৫ টাকা। এর মধ্যে রয়েছে ৩ হাজার ১৭৩ বোতল বিভিন্ন ধরনের নেশাজাতীয় সিরাপ, ১ হাজার ৩১৮ পিস ভারতীয় ইয়াবা, ৩ কেজি ৩৪৩ গ্রাম গাঁজা, ৮৮ হাজার ৮১২ পিস টাপেন্টাডল ট্যাবলেট, ১ দশমিক ৭৭৬ কেজি হেরোইন, ১ দশমিক ২৯০ কেজি ক্রিস্টাল মেথ (আইস), ২১ বোতল ভারতীয় মদ, ১১০ বোতল ফেনসিডিল ও ১১ লিটার বাংলা মদ।

বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে পুশ-ইনের অপচেষ্টা প্রতিরোধেও বিশেষ সতর্কতা নেওয়া হয়েছে। এপ্রিল থেকে ১৫ নভেম্বর পর্যন্ত দায়িত্বপূর্ণ সীমান্তের আটটি পৃথক স্থানে বিএসএফের পুশ-ইনের প্রচেষ্টা প্রতিহত করে ৮৪ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা ব্যর্থ করা হয়েছে।

সীমান্ত অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে চলতি বছরে ৫৪০টি জনসচেতনতামূলক সভা আয়োজন করা হয়েছে। এসব সভায় মাদক পাচার, চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচারসহ বিভিন্ন সীমান্ত অপরাধ সম্পর্কে স্থানীয়দের সচেতন করা হয়।

এ ছাড়া সীমান্তবর্তী জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে ১৬ বিজিবি। এর অংশ হিসেবে বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ তৈরিতে মোবাইল ফোন সার্ভিসিং ও রিপেয়ারিং প্রশিক্ষণের আয়োজন করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সীমান্ত নজরদারি জোরদারে নওগাঁর সাপাহার উপজেলার বৈকুণ্ঠপুর মৌজায় ‘নব-আদাতলা’ নামে একটি নতুন বিওপি স্থাপন করা হয়েছে। পাশাপাশি গানইর ও বড়তলী এলাকায় আরও দুটি নতুন বিওপির নির্মাণকাজ শেষ হয়েছে। শিগগিরই বিওপি দুটিতে কার্যক্রম শুরু হবে।

সীমান্তের ঝুঁকিপূর্ণ ও চোরাচালানপ্রবণ এলাকাগুলোতে ড্রোনের মাধ্যমে আকাশপথে নজরদারিও চালানো হচ্ছে। বিজিবির দাবি, নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে কার্যক্রম অব্যাহত রয়েছে।

সূত্র: নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)