সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা কয়লা আমদানিকারক গ্রুপের নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী ১২ ডিসেম্বর ২০২৬, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মোট ভোটার রয়েছেন ৩৬৪ জন।
সোমবার (২ নভেম্বর) তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপের কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রধান নির্বাচন কমিশনার জুনাব আলী আনুষ্ঠানিকভাবে নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
এ সময় উপস্থিত ছিলেন সহকারী নির্বাচন কমিশনার মেহেদী হাসান উজ্জ্বল ও সাবেক চেয়ারম্যান রাকাব উদ্দিন। এছাড়া নির্বাচনী আপিল বোর্ডের প্রধান আলী হায়দার এবং আপিল বোর্ডের সদস্য সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখঞ্জী ও ডা. সামসুদ্দীন উপস্থিত ছিলেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ১২ নভেম্বর ২০২৬ বিকেল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়া যাবে। ১৫ নভেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ১৬ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে ১৯ নভেম্বর পর্যন্ত আপত্তি দাখিল করা যাবে। ২১ নভেম্বর আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ২২ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ নভেম্বর এবং ২৬ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
আগামী ১২ ডিসেম্বর শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোট গণনা শেষে ওই দিনই প্রাথমিক বা বেসরকারি ফলাফল ঘোষণা করা হবে। ফলাফলের বিরুদ্ধে ১৪ ডিসেম্বর পর্যন্ত আপত্তি দাখিল করা যাবে। ১৭ ডিসেম্বর আপত্তির শুনানি ও নিষ্পত্তি শেষে ১৮ ডিসেম্বর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।
প্রধান নির্বাচন কমিশনার জুনাব আলী বলেন, ইতোমধ্যে ভোটার তালিকা প্রণয়নের কার্যক্রম সম্পন্ন হয়েছে। বর্তমানে মোট ভোটার সংখ্যা ৩৬৪ জন। দীর্ঘ প্রায় ১৬ থেকে ১৮ বছর ধরে এ গ্রুপে কোনো আনুষ্ঠানিকভাবে কোনো নির্বাচন অনুষ্ঠিত হয়নি বলে তিনি উল্লেখ করেন। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচনের পরিবর্তে পছন্দের ব্যক্তিদের বিভিন্ন পদে দায়িত্বে রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, দীর্ঘদিন পর এবার একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ নির্বাচন সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যবসায়ী, ভোটার, সাংবাদিকসহ সংশ্লিষ্ট সবার সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।
নির্বাচন কমিশনার জুনাব আলী আশা প্রকাশ করেছে, সবার সহযোগিতায় দীর্ঘদিনের নির্বাচন না হওয়ার অবসান ঘটিয়ে তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপে গণতান্ত্রিক প্রক্রিয়ায় নতুন নেতৃত্ব নির্বাচিত হবে।