ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষিপ্রযুক্তির সম্প্রসারণে কৃষকদের মধ্যে বিনামূল্যে ১৮টি কৃষিযন্ত্র বিতরণ করা হয়েছে। এসব যন্ত্রপাতি ব্যবহারের মাধ্যমে উপজেলার ১৮ টি কৃষক গ্রুপের ৫৪০ জন কৃষক উপকৃত হবেন।
শুক্রবার ২০ নভেম্বর সকসল ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে ‘কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের হাতে এসব যন্ত্রপাতি তুলে দেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল।
বিতরণ করা কৃষিযন্ত্রের মধ্যে রয়েছে ৯টি লো লিফট পাম্প (এলএলপি) ও ৯ টি পাওয়ার থ্রেসার। আধুনিক এসব যন্ত্র ব্যবহারের ফলে কৃষকদের সেচ ও ফসল মাড়াইয়ের কাজে সময় ও শ্রম কমার পাশাপাশি উৎপাদনশীলতা বাড়বে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, কৃষকদের উন্নয়ন এবং কৃষি উৎপাদন বাড়াতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ, কৃষক কার্ড প্রণয়ন এবং বিনামূল্যে বীজ, সার ও কৃষিযন্ত্র বিতরণের মাধ্যমে কৃষিকে আরও সমৃদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, কৃষিতে আধুনিক যন্ত্রপাতির ব্যবহার বাড়লে উৎপাদন খরচ ও সময় কমবে। একই সঙ্গে কৃষকের আয় বাড়বে এবং দেশের খাদ্যনিরাপত্তা আরও সুদৃঢ় হবে। এ সময় তিনি কৃষকদের বিতরণ করা যন্ত্রপাতি যথাযথভাবে ব্যবহার ও নিয়মিত রক্ষণাবেক্ষণের আহ্বান জানান।
উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, কৃষকদের আধুনিক কৃষিপ্রযুক্তির সঙ্গে পরিচিত করা এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। প্রকল্পের আওতায় উপজেলার ১৮টি কৃষক গ্রুপের মধ্যে ৯টি লো লিফট পাম্প ও ৯টি পাওয়ার থ্রেসার বিতরণ করা হয়েছে। এতে সরাসরি সুবিধা পাবেন ৫৪০ জন কৃষক। পর্যায়ক্রমে প্রকল্পের আওতায় আরও কৃষিযন্ত্র বিতরণ করা হবে।
অনুষ্ঠানে উপজেলা বিএনপি নেতা গিয়াসউদ্দিন, জমির হোসেন, অ্যাডভোকেট ইমাম হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইয়াছির আরাফাত, তিলোত্তমা রায় তমা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. নুরে আলম, উপসহকারী কৃষি কর্মকর্তা মো. জহিরুল ইসলাম ও মো. আশরাফুল আলমসহ কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।