দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা। এ রোগ প্রতিরোধে জনসচেতনতা তৈরির পাশাপাশি সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে শনিবার সকালে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে পঞ্চগড় শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত সচেতনতামূলক ম্যারাথনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ডায়াবেটিস এখন শুধু কোনো ব্যক্তির জন্য নয়, প্রতিটি পরিবারের জন্যই বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি। এ রোগের ক্রমবর্ধমান ঝুঁকি মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি হাসপাতালকেন্দ্রিক চিকিৎসার বাইরে সামাজিক ও জনসম্পৃক্ত কর্মসূচি আরও বাড়াতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে বাংলাদেশসহ পঞ্চগড়কে ডায়াবেটিসের ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা সম্ভব।
তিনি বলেন, স্বাস্থ্য সুরক্ষায় নিয়মিত হাঁটা ও ব্যায়ামের অভ্যাস গড়ে তুলতে হবে। বিশেষ করে রাতে খাবার পরপরই ঘুমিয়ে না গিয়ে কিছু সময় হাঁটাহাঁটি করা উচিত। নিয়মিত শারীরিক পরিশ্রম ও ব্যায়াম ডায়াবেটিসসহ বিভিন্ন রোগের ঝুঁকি কমাতে সহায়ক।
এর আগে সকাল সাড়ে ৮টায় সরকারি অডিটোরিয়াম চত্বরে ফিতা কেটে ম্যারাথনের উদ্বোধন করেন পানি সম্পদ প্রতিমন্ত্রী। পরে তিনি প্রায় দুই শতাধিক প্রতিযোগীর সঙ্গে প্রায় পাঁচ কিলোমিটার পথ দৌড়ে একই স্থানে এসে ম্যারাথন শেষ করেন।
ম্যারাথন শেষে অডিটোরিয়াম চত্বরে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন প্রতিমন্ত্রী। এ সময় পঞ্চগড়ের পুলিশ সুপার আবু সাইম, সিভিল সার্জন ডা. মিজানুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা, জেলা ও দায়রা জজ আদালতের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোখলেছুর রহমান এবং শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পরিচালক কবির আহমেদ আকন্দসহ জেলা প্রশাসন ও পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে সরকারি অডিটোরিয়াম চত্বরে বিনামূল্যে ডায়াবেটিস ও রক্ত পরীক্ষা এবং আক্রান্তদের স্বাস্থ্যসেবা দেওয়া হয়। পাশাপাশি ডায়াবেটিস প্রতিরোধে সচেতনতা তৈরির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হয়।