দুর্গাপুরে সন্ত্রাসীদের গুলিতে নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের স্ত্রী খাদিজা আক্তারের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্বামীকে হারিয়ে দুই সন্তান ও পরিবার নিয়ে কঠিন সময় পার করা খাদিজার পাশে দাঁড়িয়ে তাঁর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় বিষয়টি মানবিক উদ্যোগ হিসেবে গুরুত্ব পেয়েছে।
রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত ল্যাবএইড হাসপাতালে চাকরিতে যোগদান করেন খাদিজা আক্তার। নতুন কর্মস্থলে যোগদানের মধ্য দিয়ে তিনি নিজের ও সন্তানদের ভবিষ্যৎ গড়ার পথে নতুনভাবে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছেন।
এ বিষয়ে খাদিজা আক্তার বলেন, “মাননীয় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। আমি কাজে যোগ দিয়েছি। দুই সন্তান ও মাকে নিয়ে ঢাকায় এসেছি। আপাতত এখানেই থাকব।”
স্বামীকে হারানোর পর দুই সন্তান ও পরিবারের দায়িত্ব নিয়ে অনিশ্চয়তার মধ্যে দিন কাটছিল খাদিজার। এমন পরিস্থিতিতে কর্মসংস্থানের সুযোগ পাওয়ায় তিনি নিজের ও সন্তানদের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠেছেন। এ জন্য ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।
সাংবাদিক আলিফ ফকিরের মৃত্যুর পর তাঁর পরিবারের পাশে দাঁড়িয়ে খাদিজার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার এই উদ্যোগ শোকাহত পরিবারের জন্য সহায়তার নতুন পথ তৈরি করেছে। একই সঙ্গে অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে এমন মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।