বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার রাষ্ট্রীয় সম্মাননা (গার্ড অব অনার) ও দাফনে বাঁধা দেয়ার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বেলা ১১ টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফসিউর রহমান হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার জাকির হোসেন, মুক্তিযোদ্ধা ওয়াসেল সিদ্দিকী, মুক্তিযোদ্ধা তাজ মোহাম্মদ ইয়াছিন, মুক্তিযোদ্ধা আসরাবুর নবী মোবারক, ডেপুটি কমান্ডার মজিবুর রহমান, মুক্তিযোদ্ধা মোবাউল হক
ফরিদ, পৌর কমান্ডার জয়নাল আবেদীন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহবায়ক বিপ্লব, যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট জাকারিয়াসহ মুক্তিযোদ্ধা ও তাঁদের পরিবারের সদস্যরা।
মানববন্ধনে বক্তারা, বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মৃত্যুর পর তার রাষ্ট্রীয় সম্মাননা ও দাফন নিয়ে সৃষ্ট বাঁধার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান। তাঁরা বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর মরদেহ কবর থেকে উঠিয়ে প্রাপ্য সম্মান ও মর্যাদা নিশ্চিত করার দাবি জানান।
বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধে অবদান রাখা বীর মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সমাজের দায়িত্ব। কোনো বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর পর তাঁর প্রাপ্য রাষ্ট্রীয় সম্মাননা নিয়ে অবহেলা বা বাঁধা কোনোভাবেই কাম্য নয়। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার দাবি জানান তাঁরা।