অগ্রহায়ণ মাসে নবান্ন উৎসবকে ঘিরে জয়পুরহাটের কালাই উপজেলার পাঁচশিরা বাজারে বসেছে ঐতিহ্যবাহী মাছের মেলা। বুধবার(১৮ নভেম্বর)সকাল থেকেই মাছের হাঁকডাক, ক্রেতাদের দরদাম আর মানুষের কোলাহলে মুখর হয়ে ওঠে পুরো বাজার।
মেলায় রুই,কাতলা,চিতল, বিগহেড,সিলভার কার্প,কালবাউশ,গ্রাস কার্প, পাঙাশসহ নানা প্রজাতির বড় বড় মাছ নিয়ে আসেন ব্যবসায়ীরা। ছোট মাছের পাশাপাশি ৫ থেকে ২৭ কেজি ওজনের বিশাল আকৃতির মাছও দেখা যায়। পছন্দের মাছ কিনতে দূরদূরান্ত থেকে ছুটে আসেন ক্রেতারা।
উপজেলার মাত্রাই,বিয়ালা, গাড়োইল,দুধাইল,রাঘতপুর,পুনট, জিন্দারপুরসহ আশপাশের ৭০ থেকে ৮০টি গ্রামের মানুষের সমাগম ঘটে এ মেলায়। নবান্ন উপলক্ষে অনেক পরিবার মেয়ে-জামাই ও আত্মীয়স্বজনকে দাওয়াত করেন।ফলে মাছ কেনাবেচার পাশাপাশি মেলাটি পরিণত হয় গ্রামীণ মিলনমেলায়।
দুধাইল গ্রামের রিজন সরকার বলেন,বছরের এই একটি দিনের জন্য অপেক্ষা করি। এবার মেলা থেকে প্রায় ১৭ হাজার টাকায় একটি কাতলা মাছ কিনেছি।
রাঘতপুর গ্রামের কৃষক তাজুল ইসলাম বলেন, নবান্নের এই মেলা ঘিরে পুরো এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়।পরিবার নিয়ে মেলায় আসেন দূরদূরান্তের মানুষ।
ইমামপুর গ্রামের জামাতা ডেন্টিস্ট আতিকুর বলেন,প্রতিবছরই মেলায় আসি।এবার ১২ কেজি ওজনের একটি কাতলা মাছ কিনেছি। তবে গত বছরের তুলনায় এবার দাম কিছুটা বেশি।
মাছ ব্যবসায়ী বাইজিদ বলেন, মাঝারি আকারের মাছ প্রতি কেজি ৩০০ থেকে ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে বেচাকেনা কিছুটা কম হলেও ক্রেতাদের উপস্থিতি ভালো।
মেলার আয়োজক আব্দুল লতিফ বলেন,বিভিন্ন জেলা ও উপজেলা থেকে পুকুর,দীঘি ও নদীর মাছ সংগ্রহ করে মেলায় আনা হয়েছে। এবার মেলায় সর্বোচ্চ ২৭ কেজি ওজনের কাতলা মাছ উঠেছে। আকারভেদে রুই প্রতি কেজি ৪০০ থেকে ১ হাজার টাকা এবং কাতলা ৪৫০ থেকে ১ হাজার ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
কালাই উপজেলা মৎস্য কর্মকর্তা মো.সোহেল ইসলাম বলেন,মেলায় প্রায় কোটি টাকার মাছ কেনাবেচা হয়।মাছের মান ঠিক রাখতে মৎস্য বিভাগের পক্ষ থেকে নজরদারি করা হচ্ছে।
কালাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)ফয়সাল আহমেদ বলেন,পাঁচশিরা বাজারের মাছের মেলা স্থানীয় ঐতিহ্যের প্রতীক। এ ধরনের আয়োজন গ্রামীণ সংস্কৃতিকে জীবন্ত রাখে।মেলা আয়োজনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হয়েছে।