সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার কুকুরকান্দি বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষিকা সোমা তালুকদার ও মোহাচ্ছিরা আক্তারের বদলিজনিত বিদায় উপলক্ষে আবেগঘন পরিবেশে বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বিদায়ী দুই শিক্ষিকাকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরা মাস্টার, সহকারী শিক্ষক ফখরুল আলম, বৃষ্ণি তালুকদার, সহকারী শিক্ষিকা পপি রানি ও নাজমা আক্তারসহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা তাঁদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানিয়ে বিদায় জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাজুল ইসলাম এবং সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রউফ।
জানা যায়, সহকারী শিক্ষিকা সোমা তালুকদার ২০১৮ সালে কুকুরকান্দি বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘ আট বছর ধরে তিনি নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের পাঠদান করে আসছিলেন। সম্প্রতি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বদলির আদেশে তাঁকে গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হয়েছে।
অন্যদিকে, সহকারী শিক্ষিকা মোহাচ্ছিরা আক্তার ২০২০ সালে এ বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘদিন দায়িত্ব পালনের পর ২০২৬ সালে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে তাঁকে লক্ষ্মীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলি করা হয়।
বিদায়বেলায় আবেগাপ্লুত সোমা তালুকদার বলেন, “আজ ছিল আমার প্রথম কর্মস্থল, প্রথম ভালোবাসার জায়গা থেকে আনুষ্ঠানিক বিদায়ের দিন। এই বিদ্যালয়ের প্রতিটি শ্রেণিকক্ষ, প্রতিটি জায়গা, কচিকাঁচা শিক্ষার্থীদের মুখ এবং সহকর্মীদের সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলো আজীবন স্মৃতির পাতায় অমলিন হয়ে থাকবে। জীবনের প্রয়োজনে ঠিকানা বদলালেও মনের ঠিকানায় আমার প্রথম বিদ্যালয় রয়ে যাবে আজীবন। যাঁদের ভালোবাসা, সহযোগিতা ও সম্মানে আট বছরের পথচলা এত সুন্দর হয়েছে, তাঁদের সবার প্রতি অশেষ কৃতজ্ঞতা ও ভালোবাসা। প্রিয় সহকর্মী ও শিক্ষার্থীদের অশ্রুসজল বিদায় কখনো ভুলব না। সবাই ভালো থাকবেন, ভালো থেকো প্রিয় কুকুরকান্দি।”
অপর বিদায়ী শিক্ষিকা মোহাচ্ছিরা আক্তার বলেন, “বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নিজের সন্তানের মতো স্নেহ ও যত্ন দিয়ে পড়াশোনা করিয়েছি। আজ হয়তো এই বিদ্যালয় থেকে বিদায় নিচ্ছি, কিন্তু এখানকার শিক্ষার্থী ও সহকর্মীদের অনেক মিস করব। কুকুরকান্দি বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিদ্যালয়টি ভবিষ্যতে আরও সুনাম বয়ে আনুক—এটাই আমার প্রত্যাশা।”
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরা মাস্টার বলেন, “আমরা সবাই দীর্ঘদিন ধরে একটি পরিবারের সদস্যের মতো একসঙ্গে কাজ করেছি। আজ তাঁরা বদলির কারণে অন্য বিদ্যালয়ে চলে যাচ্ছেন। তাঁদের সঙ্গে কাটানো সময়গুলো আমাদের স্মৃতিতে থাকবে। নতুন কর্মস্থলে তাঁদের জন্য রইল আন্তরিক শুভকামনা।”
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শিক্ষক-শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসা, সম্মাননা এবং স্মৃতিচারণের মধ্য দিয়ে দুই শিক্ষিকার কর্মজীবনের নতুন অধ্যায়ের শুভকামনা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।