নেত্রকোনার বারহাট্টা ও ঠাকুরাকোনা রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী পাটলি এলাকায় রেললাইনের ওপর অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে একটি কালভার্টের ওপর এ ঘটনা ঘটে। স্থানীয়দের দ্রুত পদক্ষেপে আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে রেলপথ ও ট্রেনযাত্রীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে কালভার্টের ওপর রেললাইনে আগুন জ্বলতে দেখে আশপাশের লোকজন এগিয়ে আসেন। পরে স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় একজন গ্রাম পুলিশ সদস্য আগুন নিভিয়ে ফেলেন। সময়মতো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব না হলে রেলপথে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা ছিল।
এদিকে ঘটনাস্থলের একটি ১৬ সেকেন্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে রেললাইনের ওপর আগুন জ্বলতে এবং এক যুবককে সেখান থেকে দ্রুত সরে যেতে দেখা যায়। তবে ভিডিওতে থাকা ব্যক্তির পরিচয় কিংবা অগ্নিসংযোগের উদ্দেশ্য সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চম্পক দাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
ঠাকুরাকোনা রেলওয়ে স্টেশনের ম্যানেজার আতাউর রহমান জানান, আগুনের কারণে রেললাইনের কাঠের স্লিপার কিছুটা পুড়ে কালো হয়ে গেছে। তবে রেললাইনের বড় ধরনের কোনো ক্ষতি হয়নি। এ কারণে ওই পথে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
উল্লেখ্য, এর আগেও নেত্রকোনার চল্লিশা এলাকায় রেললাইনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল। একই জেলায় একাধিকবার এ ধরনের ঘটনা ঘটায় রেলপথের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।
সচেতন মহলের দাবি, রেললাইনে অগ্নিসংযোগের সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ রেলপথ ও কালভার্ট এলাকায় নিরাপত্তা নজরদারি বাড়ানো প্রয়োজন। অন্যথায় এ ধরনের ঘটনা যেকোনো সময় বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়াতে পারে।