নিকাহ্ রেজিস্ট্রারদের কর্মএলাকা বহাল রাখা, অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা, শূন্য পদে নিয়োগ এবং বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধিসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার ও নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ। এসব দাবি বাস্তবায়নের লক্ষ্যে ফেনীতে কলম বিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছেন নিকাহ্ রেজিস্ট্রাররা।
সোমবার (১৬ নভেম্বর) ফেনী জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত কর্মসূচিতে সভাপতিত্ব করেন ফেনী জেলা শাখার সভাপতি কাজী সৈয়দ মোজাম্মেল হক। সঞ্চালনা করেন জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী জামাল উদ্দিন।
কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির সিনিয়র সহ-সভাপতি কাজী সামছুদ্দিন আহমেদ, সহ-সভাপতি কাজী মো. রফিকুল আলম, উপদেষ্টা কাজী শিহাব উদ্দিন, উপদেষ্টা রবিউল হক পাটোয়ারী, দপ্তর সম্পাদক কাজী নাছির উদ্দীন, সাংগঠনিক সম্পাদক কাজী ইব্রাহিম ও অর্থ সম্পাদক তছলিম উদ্দিন। এ সময় ফেনী জেলায় কর্মরত নিকাহ্ রেজিস্ট্রাররা উপস্থিত ছিলেন।
কর্মসূচি থেকে বক্তারা বলেন, নিকাহ্ রেজিস্ট্রাররা সীমিত আয়ে দায়িত্ব পালন করছেন। একজন নিকাহ্ রেজিস্ট্রার মাসে গড়ে পাঁচ থেকে সাতটি বিয়ে নিবন্ধন করেন। এই আয় দিয়ে পরিবার পরিচালনা, অফিস ভাড়া, বিদ্যুৎ বিল, বালাম বই কেনা ও অন্যান্য ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে। তাই তাঁদের যৌক্তিক দাবিগুলো বাস্তবায়নে সরকারের দ্রুত পদক্ষেপ প্রয়োজন।
তারা আরো বলেন, সারা দেশে পাঁচ হাজারের বেশি মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার দায়িত্ব পালন করছেন। তাঁদের মধ্যে প্রায় চার হাজার বিএনপি সরকারের তিন মেয়াদে বিভিন্ন সময়ে নিয়োগ পেয়েছেন। সংগঠনটির দাবি, বিগত সরকারের আমলে অনেক নিকাহ্ রেজিস্ট্রার মামলা, হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন। কেউ কেউ গ্রেপ্তার এড়াতে নিজ এলাকার বাইরে অবস্থান করতেও বাধ্য হয়েছেন।
আট দফা দাবির মধ্যে রয়েছে-২০০৯ সালের মুসলিম বিবাহ ও তালাক (নিবন্ধন) বিধিমালার ১৩ বিধি অনুযায়ী কর্মরত নিকাহ্ রেজিস্ট্রারদের নির্ধারিত কর্মএলাকা বহাল রাখা; অবসরের বয়স ৬৭ থেকে বাড়িয়ে ৭৫ বছর করা; অবসরপ্রাপ্ত নিকাহ্ রেজিস্ট্রারের পুত্রকে যোগ্যতার ভিত্তিতে নিয়োগের সুযোগ দেওয়া; বাল্যবিবাহ নিরোধ আইন সংশোধন করে বিয়ের ক্ষেত্রে ছেলের বয়স ১৮ ও মেয়ের বয়স ১৬ বছর নির্ধারণ; নিকাহ্ রেজিস্ট্রারদের হয়রানি বন্ধে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম বন্ধ করা; নিয়োগে স্থানীয় সংসদ সদস্যের ডিও লেটার প্রথা বন্ধ করা; বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি এবং বিবাহ ও তালাকসংক্রান্ত নোটারি পাবলিকের হলফনামা বন্ধ করা।
বিবাহ নিবন্ধন ফি বাড়ানোর প্রস্তাবে সংগঠনটি জানিয়েছে, প্রতি হাজার টাকায় ১৪ টাকার পরিবর্তে ২০ টাকা এবং পাঁচ লাখ টাকার পরবর্তী প্রতি লাখে ১০০ টাকার পরিবর্তে এক হাজার টাকা ফি নির্ধারণ করা হোক। পাশাপাশি তালাক নিবন্ধন ফি এক হাজার থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা, বিবাহের নকল ফি এক হাজার টাকা এবং কমিশন ফি ৫০০ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে।
এসময় আরও বলা হয়, নিকাহ্ রেজিস্ট্রারদের অবসরের পর কোনো অবসরকালীন ভাতা নেই। তাই অবসরের বয়স বাড়ানো এবং তাঁদের সন্তানদের যোগ্যতার ভিত্তিতে নিয়োগের সুযোগ দেওয়ার বিষয়টি বিবেচনা করা প্রয়োজন।