মৌসুমি পরিবর্তনের ধারাবাহিকতায় উত্তরের সীমান্তবর্তী জনপদ নওগাঁর পত্নীতলায় শীতের আমেজ বাড়তে শুরু করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) ভোর থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় ঘন কুয়াশার চাদরে ঢেকে যায় চারপাশ। সীমান্তঘেঁষা খোলা প্রান্তরে কুয়াশার ঘনত্ব এতটাই বেশি ছিল যে, কোথাও কোথাও তা বৃষ্টির ফোঁটার মতো ঝরতে দেখা যায়।

সকালে পত্নীতলা উপজেলার নজিপুরসহ ভারত সীমান্তবর্তী বিভিন্ন এলাকা, খোলামাঠ ও গ্রামীণ জনপদ ছিল ঘন কুয়াশায় আচ্ছন্ন। শিহারা, শীতলমাঠ, কড়িয়া ও বস্তাবরসহ সীমান্তসংলগ্ন সড়কগুলোতে কুয়াশার কারণে যানবাহন ও পথচারীদের সতর্কতার সঙ্গে চলাচল করতে দেখা যায়। অনেক যানবাহনকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়েছে।
কুয়াশায় ভেজা মাঠের ফসল, ঘাস ও গাছের পাতায় জমে থাকা শিশিরবিন্দুতে শীতের উপস্থিতি আরও স্পষ্ট হয়ে ওঠে। সকাল গড়িয়ে গেলেও কুয়াশার ঘনত্ব থাকায় সূর্যের দেখা মিলতে সময় লাগে। হঠাৎ করে শীতের প্রকোপ বাড়ায় দৈনন্দিন জীবনেও এর প্রভাব পড়েছে। ভোরে কাজে বের হওয়া কৃষক, দিনমজুর ও খেটে খাওয়া মানুষকে কুয়াশাভেজা ঠান্ডা বাতাসে কিছুটা দুর্ভোগ পোহাতে হচ্ছে। একই সঙ্গে স্থানীয় বাজারের চায়ের দোকানগুলোতে সকাল থেকেই মানুষের ভিড় লক্ষ্য করা গেছে।

স্থানীয়দের ভাষ্য, সীমান্তবর্তী খোলা প্রান্তর ও গাছপালার আধিক্যের কারণে পত্নীতলায় শীতের অনুভূতি তুলনামূলকভাবে বেশি। আবহাওয়ার এই পরিবর্তন অব্যাহত থাকলে আগামী দিনগুলোতে শীতের তীব্রতা আরও বাড়তে পারে বলে মনে করছেন স্থানীয়রা।