সিরাজগঞ্জের তাড়াশে পুলিশের চেকপোস্টে থামার সংকেত উপেক্ষা করে পালানোর চেষ্টাকালে স্মৃতি ইসলাম হাওয়া (২৯) নামে এক নারীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুরঝুরি বাজার এলাকায় সড়কে স্থাপিত পুলিশের চেকপোস্টে এ ঘটনা ঘটে।
আটক স্মৃতি ইসলাম হাওয়া সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সাতকুশী গ্রামের জালাল উদ্দীনের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, চুরি-ছিনতাই প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযানের অংশ হিসেবে রোববার রাতে ঝুরঝুরি বাজার এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে আসা স্মৃতি ইসলাম হাওয়াকে থামার সংকেত দেওয়া হলে তিনি পালানোর চেষ্টা করেন। এতে পুলিশের সন্দেহ হলে ধাওয়া করে তাকে আটক করা হয়।
পরে স্থানীয়দের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুই পিস ইয়াবা ও একটি চায়না চাকু উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর জানান, ইয়াবা ও চাকুসহ এক নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (১৬ নভেম্বর) তাকে আদালতে পাঠানো হবে।