নওগাঁর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর বিশেষ অভিযানে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ৫৮ বোতল ভারতীয় ফেয়ারডিল ও একটি মোটরসাইকেলসহ মো. মনিরুল ইসলাম (৩৪) নামের এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সোমবার (১৬ নভেম্বর ২০২৬) রাত ৯টার দিকে কড়িয়া বিওপির টহল কমান্ডার নায়েক মো. আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে একটি বিশেষ টহল দল উপজেলার তিন রাস্তার মোড়ের দরগা নামক স্থানে অভিযান চালায়। এ সময় সীমান্ত পিলার ২৭৮/এমপি থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক ও মোটরসাইকেলসহ তাকে হাতেনাতে আটক করা হয়।
আটককৃত মনিরুল ইসলাম জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার পশ্চিম কড়িয়া গ্রামের মোফাজ্জেল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় মামলা দায়েরপূর্বক উদ্ধারকৃত মালামালসহ তাকে পুলিশের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে পত্নীতলা ১৪ বিজিবি অধিনায়ক লে. কর্নেল এহসান হাবীব বলেন, "সীমান্ত এলাকায় মাদক চোরাচালানসহ সকল প্রকার আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর গোয়েন্দা নজরদারি ও নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। দেশের সীমান্ত সুরক্ষা এবং মাদক ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি দৃঢ়প্রতিজ্ঞ।"