দিনাজপুরের ফুলবাড়ীর ঐতিহ্যবাহী মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত ১৬ নভেম্বর সোমবার রাত ৮টায় মাদিলা বাজারে এক জমকালো আয়োজনের মধ্য দিয়ে এই অনুষ্ঠান সম্পন্ন হয়।
মাদিলাহাট ব্যবসায়ী সমিতির নবনির্বাচিত সভাপতি মো. আলাউদ্দিন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাসুম বিল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌরসভার প্রশাসক এ এস এম শাহাদাত হোসেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মো. শফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাকিন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আকতার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. সানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাজহারুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী সোহানুর রহমান সুমন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে নবনির্বাচিত সভাপতি মো. আলাউদ্দিন মাস্টার বলেন, "মাদিলাহাটকে একটি আধুনিক হাট হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ প্রচেষ্টা চালাবো। বাজারে যেন কোনো সিন্ডিকেটের সৃষ্টি না হয়, সে ব্যাপারে আমরা সবসময় সজাগ থাকবো।" এ সময় তিনি হাটটি পরিচালনায় উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা কামনা করেন।
মো. আশরাফ পারভেজের সার্বিক সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।