ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ২১ জানুয়ারি চট্টগ্রামের চার উপজেলার ৫৩টি ইউনিয়নে ভোটগ্রহণের প্রাথমিক পরিকল্পনা নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২১ জানুয়ারি প্রথমধাপে সারাদেশের ১০২৬ ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোট অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তিনি জানান, আগামী ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচন নিয়ে সব দলের সঙ্গে সংলাপ করবে নির্বাচন কমিশন।
গতকাল সোমবার নির্বাচন কমিশনের ১৩ তম সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। সভার সিদ্ধান্ত অনুযায়ী, দ্বিতীয় ধাপে এক হাজার ১১৩, তৃতীয় ধাপে এক হাজার ২টি, চতুর্থ ধাপে ৭৯৩টি, পঞ্চম ধাপে ৩৫৬ ইউনিয়নে ভোট হবে।
চট্টগ্রাম জেলা নির্বাচন অফিসের সংশ্লিষ্ট সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে উত্তর চট্টগ্রামের মীরসরাই, সীতাকুণ্ড, সন্দ্বীপ ও হাটহাজারী উপজেলায় ৫৩টি ইউনিয়নে নির্বাচন করার প্রাথমিক পরিকল্পনা রয়েছে। দ্বিতীয় ধাপে উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম মিলে শতাধিক ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে।
নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানান নির্বাচন কমিশনার।
নির্বাচন কমিশনার (ইসি) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, সাধারণত ভোটের প্রায় ছয় সপ্তাহ আগে সংশ্লিষ্ট জেলা নির্বাচন কর্মকর্তা তফসিল ঘোষণা করবেন। ভোটের তারিখের ৩৮ থেকে ৪৫ দিন আগে তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছরের প্রথমার্ধে পাঁচ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হবে। ধাপগুলো হলো প্রথম ধাপে ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ও শেষ ধাপে ২৭ মে। প্রতিটি ভোটের দিন বৃহস্পতিবার।
চট্টগ্রাম জেলা নির্বাচন কর্মকর্তারা জানান, স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। নির্বাচন কমিশন যখন যে সিদ্ধান্ত দেবে, সে অনুযায়ী নির্বাচন আয়োজন করা হবে। ভোটার তালিকা, ভোটকেন্দ্র ও ভোটকক্ষ প্রস্তুত রয়েছে। তফসিল ঘোষণার পর নির্বাচনী কার্যক্রম অনুষ্ঠানিকভাবে শুরু হবে। চার উপজেলায় ৫৩ ইউনিয়নে ভোটের প্রস্তুতি : নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামের ১৫ উপজেলায় মোট ১৯১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এর মধ্যে ১৮৯টি ইউনিয়ন নির্বাচন উপযোগী। তবে বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডীর ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড পুনর্বিন্যাস করে ইউনিয়ন গঠনের প্রস্তাব এবং সন্দ্বীপের উড়িরচরের সীমানা নিয়ে আদালতে মামলা থাকায় এই দুটি ইউনিয়নে নির্বাচন আয়োজন নিয়ে জটিলতা রয়েছে।
প্রথম ধাপে ৫৩টি ইউনিয়নের মধ্যে মীরসরাই উপজেলায় ১৬টি, সীতাকুণ্ডে ৯টি, সন্দ্বীপে ১৪টি এবং হাটহাজারীতে ১৪টি ইউনিয়ন রয়েছে।
মীরসরাইয়ের ১৬ ইউনিয়ন: মীরসরাই উপজেলার ১৬টি ইউনিয়নই নির্বাচনের উপযোগী রয়েছে। ইউনিয়নগুলো হলো করেরহাট ইউনিয়ন, হিংগুলী ইউনিয়ন, জোরারগঞ্জ ইউনিয়ন, ধুম ইউনিয়ন, ওসমানপুর, ইছাখালী, কাটাছড়া, দুর্গাপুর, মিরসরাই, মিঠানালা, মঘাদিয়া, খৈয়াছড়া, মায়ানী, হাইতকান্দি, ওয়াহেদপুর ও সাহেবখালী ইউনিয়ন পরিষদ।
সীতাকুণ্ডের ৯ ইউনিয়ন : সীতাকুণ্ড উপজেলার সবকটি ইউনিয়নে নির্বাচনের প্রস্ততি রয়েছে। এগুলো হলো সৈয়দপুর ইউনিয়ন, বাঁশবাড়িয়া ইউনিয়ন, মুরাদপুর ইউনিয়ন, বাড়বকুণ্ড, বাঁশবাড়িয়া, সোনাইছড়ি, কুমিরা, ভাটিয়ারি ও ছলিমপুর ইউনিয়ন পরিষদ।
সন্দ্বীপের ১৪ ইউনিয়ন : সন্দ্বীপ উপজেলার ১৫টি ইউনিয়নের মধ্যে উড়িরচরের সীমানা বিরোধ নিয়ে আদালতে মামলা চলমান থাকায় বাকি ১৪টি ইউনিয়ন নির্বাচনে নির্বাচনের প্রস্তুতি রয়েছে। ইউনিয়নগুলো হলো বাউরিয়া ইউনিয়ন, গাছুয়া ইউনিয়ন, সন্তোষপুর ইউনিয়ন, আমানউল্যা ইউনিয়ন, হরিশপুর, রহমতপুর, আজিমপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, সারিকাইত, মগধরা, হারামিয়া, দীর্ঘাপাড় ও কালাপানিয়া ইউনিয়ন পরিষদ।
হাটহাজারীর ১৪ ইউনিয়ন : হাটহাজারী উপজেলার ১৪টি ইউনিয়নেই নির্বাচনে নির্বাচনের প্রস্তুতি রয়েছে। ইউনিয়ন পরিষদ গুলো হল–ফরহাদাবাদ ইউনিয়ন, ধলই ইউনিয়ন, মির্জাপুর ইউনিয়ন, গুমানমর্দ্দন, নাঙ্গলমোড়া, ছিপাতলী, মেখল, গড়দুয়ারা, উত্তর মাদার্শা, ফতেপুর, চিকনদন্ডী, দক্ষিণ মাদার্শা, শিকারপুর ও বুড়িশ্চর ইউনিয়ন পরিষদ।
জন প্রতিনিধি না থাকায় ব্যাহত হচ্ছে নাগরিক সেবা : ২০২৪ সালের ৫ আগস্ট পর দেশের বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধিদের অনুপস্থিতিতে স্থানীয় সরকার ব্যবস্থায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়। অনেক জনপ্রতিনিধি আত্মগোপনে চলে যান এবং কেউ কেউ গ্রেপ্তার হন। বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি কর্মকর্তাদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এর প্রভাব পড়ে ইউনিয়ন পরিষদের কার্যক্রমেও। জনপ্রতিনিধিদের অনুপস্থিতি এবং নিয়মিত কার্যক্রমে বিঘ্ন ঘটায় জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন নাগরিক সেবা পেতে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। পরবর্তীতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নতুন করে শুরু হয়। এরই ধারাবাহিকতায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপে চট্টগ্রামের চার উপজেলায় ৫৩টি ইউনিয়নে ভোটগ্রহণের প্রস্তুতি নিয়েছে চট্টগ্রাম জেলা নির্বাচন অফিস। খবর নিয়ে জানা গেছে, চট্টগ্রামের ১৫ উপজেলার ১৯১টি ইউনিয়ন পরিষদ নির্বাচনেরই প্রস্তুতি রয়েছে জো নির্বাচন অফিসের। তবে নির্বাচন কমিশন কোন উপজেলার কোন ইউনিয়নে কোন ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে, সে সংক্রান্ত বিস্তারিত তালিকা আগামী বৃহস্পতিবারের মধ্যে নির্বাচন কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশ করা হলে জেলা নির্বাচন অফিস ও উপজেলা নির্বাচন অফিস গুলোতে চূড়ান্ত প্রস্তুতি শুরু হবে।