সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে তা যাচাই–বাছাই করে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী। এ সময় তিনি বলেন, নগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিরোধে পুলিশ সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
সোমবার বিকেলে চট্টগ্রাম মহানগর বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন সিএমপি কমিশনার। দামপাড়ায় সিএমপি সদর দপ্তরের কমিশনারের কার্যালয় অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান। সঞ্চালনা করেন উপ–পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী।
সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলী বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ সর্বদা সতর্ক ও দায়িত্বশীল ভূমিকা পালন করছে। যেকোনো ধরনের সন্ত্রাস, নৈরাজ্য ও বিশৃঙ্খলা মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। এ ক্ষেত্রে নগরবাসীর সচেতনতা ও সহযোগিতাও প্রয়োজন। এসময় নগরের কোথাও কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলার আশঙ্কা দেখা দিলে পুলিশকে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানান সিএমপি কমিশনার। সভায় নগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নাম ব্যবহার করে যারা বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।
নাজিমুর রহমান বলেন, নিষিদ্ধ ঘোষিত কোনো সংগঠনের নাম ব্যবহার করে কেউ যেন নগরে বিশৃঙ্খলা ও অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক ও কার্যকর ভূমিকা পালন করতে হবে। কোনো সংগঠনের নাম ব্যবহার করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা গ্রহণযোগ্য হতে পারে না। এ ধরনের কর্মকাণ্ডে জড়িতদের রাজনৈতিক বা সাংগঠনিক পরিচয় বিবেচনা না করে চিহ্নিত করতে হবে এবং দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
সভায় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, অ্যাডভোকেট আবদুস সাত্তার, কাজী বেলাল উদ্দিন, হারুন জামান, আর ইউ চৌধুরী শাহীন, শওকত আজম খাজা, ইয়াছিন চৌধুরী লিটন, আহমেদুল আলম চৌধুরী রাসেল, মহানগর পিপি অ্যাডভোকেট মফিজুল হক ভূঁইয়া এবং বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট তারেক আহমেদ।