নওগাঁর নিয়ামতপুরে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মজুদ রাখা ১৯৪ বস্তা ডিএপি (DAP) সার জব্দ করা হয়েছে। উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের আঘোর বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আঘোর বাজারের ‘মেসার্স আল আমিন ট্রেডার্স’-এ অভিযান চালান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানের সময় প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মোঃ আবুল কালামের গুদাম থেকে নিয়মনীতি বহির্ভূতভাবে রাখা ১৯৪ বস্তা ডিএপি সার উদ্ধার ও জব্দ করা হয়।
পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রচলিত আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে এবং সারের কৃত্রিম সংকট রোধে প্রশাসনের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।