পঞ্চগড়ের বোদায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাকা স্কুলছাত্র শেখ সিয়ামের (১৪) সন্ধান মিলেছে গাজীপুরের শ্রীপুরে। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় সিয়াম নিজেই শ্রীপুরের একটি চায়ের দোকানের সামনে থেকে অন্য একজনের মোবাইল দ্বারা তার মা-বাবার মোবাইল ফোনে কল করে নিজের অবস্থান জানায়। পরে পরিবারের সদস্যরা তার সঙ্গে একাধিকবার কথা বলে পরিচয় ও অবস্থান নিশ্চিত হওয়ার পর বিষয়টি বোদা থানা-পুলিশকে অবহিত করেন।
এদিকে, শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম সিয়ামকে থানা হেফাজতে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পঞ্চগড়ের পুলিশ সুপার ও বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনুষ্ঠানিকভাবে ফোন করে তাঁদের নিজস্ব সোর্সের মাধ্যমে সিয়ামের অবস্থান শনাক্ত হওয়ার বিষয়টি জানান। একই সঙ্গে দ্রুত তাকে নিজেদের হেফাজতে নেওয়ার অনুরোধ করেন। পরে তাৎক্ষণিকভাবে শ্রীপুর থানা-পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে সিয়ামকে শনাক্ত করে নিজেদের হেফাজতে নেয় এবং শ্রীপুর থানায় নিয়ে আসে। বর্তমানে সে শ্রীপুর থানা হেফাজতে রয়েছে।
তবে কীভাবে সিয়াম গাজীপুরের শ্রীপুরে পৌঁছাল, নিখোঁজ হওয়ার পর গত পাঁচ দিন সে কোথায় ছিল এবং তার সঙ্গে কী ঘটেছিল, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।
এ বিষয়ে বোদা থানা-পুলিশের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো ব্রিফিং দেওয়া হয়নি। তবে পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তারা কাজ করছে।
উল্লেখ্য, শেখ সিয়াম পঞ্চগড়ের বোদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নগর কুমারী এলাকার বাসিন্দা শেখ মোমিনুল ইসলাম (শলু)-এর ছেলে। সে বোদা সরকারি পাইলট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
গত ১২ নভেম্বর সন্ধ্যা ৭টার দিকে বোদার সুমন-সুজন কোচিং সেন্টারে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে নিখোঁজ হয় সিয়াম। এরপর থেকেই তার পরিবারের সদস্য, স্বজন ও এলাকাবাসী উদ্বেগ-উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিলেন।
সিয়ামের নিখোঁজের ঘটনায় গত পাঁচ দিন ধরে বোদাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। তাকে ফিরে পাওয়ার দাবিতে বোদা মেডিকেল মোড় ও বোদা বাসস্ট্যান্ড এলাকায় পঞ্চগড়-ঢাকা মহাসড়কে দুই দফা মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন স্থানীয়রা। এসব কর্মসূচিতে সিয়ামকে দ্রুত খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়।
অবশেষে গাজীপুরের শ্রীপুরে সিয়ামের সন্ধান পাওয়ার খবরে পরিবার ও স্বজনদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে তার নিখোঁজ হওয়ার প্রকৃত কারণ, পাঁচ দিনের অজানা সময়ের ঘটনা এবং কী পরিস্থিতিতে তাকে সেখানে পাওয়া গেল, তা জানতে অপেক্ষা করছেন স্বজন ও এলাকাবাসী।