নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের ওপর উল্টে পড়েছে একটি কাভার্ডভ্যান। এতে ট্রাকচালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের চালকের সহযোগী আহত হয়েছেন।
রোববার (২২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকায় স্কয়ার নিট কম্পোজিট গার্মেন্টসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালকের নাম মো. ইসমাইল (৪০)। আহত তাঁর সহযোগী রায়হান হোসেনের (২০) অবস্থা সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তাঁরা দুজনই ফরিদপুরের কোতোয়ালি থানার হারুকান্দি গ্রামের বাসিন্দা। আহত রায়হানকে হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী হানিফ জানান, রূপগঞ্জের গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফেরার পথে তিনি সড়কে একটি কাভার্ডভ্যানকে ট্রাকের ওপর উল্টে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের কাছ থেকে জানতে পারেন, অন্য একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে কাভার্ডভ্যানটি ট্রাকের ওপর উল্টে পড়ে। এতে ট্রাকচালক নিহত ও তাঁর সহযোগী আহত হন।
কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল রানা দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছেন। রাত সাড়ে ৯টার দিকে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।