নগরীর কোতোয়ালী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জাল ভিসা তৈরির সরঞ্জাম, ৫ হাজার পিস জাল ভিসা ও ১৭টি বাংলাদেশি পাসপোর্টসহ ভিসা জালিয়াতি চক্রের মূলহোতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আব্দুল মাবুদ। তিনি কোতোয়ালী থানাধীন এলাকার নজরুল ইসলামের ছেলে।
রোববার (২২ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবিরের নেতৃত্বে বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সোহেল রানাসহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করে। কোতোয়ালী থানাধীন টেরিবাজার বাই লেইনের কাটাপাহাড়স্থ বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।
অভিযানকালে তাঁর হেফাজত থেকে ১৭টি বাংলাদেশি পাসপোর্ট এবং ৫০টি বান্ডেলে (প্রতি বান্ডেলে ১০০টি করে) মোট ৫ হাজার পিস ভিসা সিলমোহরযুক্ত অশনাক্তকৃত প্রিন্টেড পাসপোর্ট পাতা সাইজের জাল ভিসা উদ্ধার করা হয়। এ ছাড়া জাল ভিসা তৈরিতে ব্যবহৃত একটি কম্পিউটার মনিটর (NEXAKEY), একটি সিপিইউ, একটি কিবোর্ড ও মাউস, একটি কালো রঙের এপসন প্রিন্টার, একটি এইচপি লেজারজেট কালার প্রিন্টার এবং তিনটি সিল জব্দ করা হয়েছে।
পুলিশ জানায়, এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কোতোয়ালী থানায় পেনাল কোডের ৪২০/৪৬৫/৪৬৮ ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ-১৯৭৩-এর ১১(১)/১১(২)/১১(৩) ধারায় একটি নিয়মিত মামলা (মামলা নং-৪১) দায়ের করা হয়েছে।
এ ছাড়া তাঁর বিরুদ্ধে ঢাকার ডিএমপির বিমানবন্দর থানায়ও পেনাল কোড, সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ-১৯৭৩-এর বিভিন্ন ধারায় আগে থেকেই একটি মামলা (মামলা নং-০৫) রয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।