ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বরগুনার পাথরঘাটা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি রেজাউল করিম বাদশা (৫০)।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন তিনি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

তাঁর মৃত্যুতে পাথরঘাটায় শোকের ছায়া নেমে এসেছে। বরগুনা ও পাথরঘাটা বিএনপি পরিবারের পক্ষ থেকে পৃথক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

পরে পাথরঘাটা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বরগুনা জেলা বিএনপির সদস্য সচিব হুমায়ুন হাসান শাহীন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতিসহ বরগুনা ও পাথরঘাটার হাজার হাজার মানুষ অংশগ্রহণ করেন।

মৃত্যুকালে তিনি বৃদ্ধ মা, স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে রেখে গেছেন।