নওগাঁর রাণীনগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে মাদক সেবনের অপরাধে তিনজনকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৮ নভেম্বর) দুপুরে উপজেলার আবাদপুকুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিলা ইয়াসমিন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি চৌকস দল ও ভ্রাম্যমাণ আদালতের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়। এ সময় মাদক সেবনরত অবস্থায় তিনজনকে আটক করা হয়।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার বড়িয়া পূর্বপাড়া গ্রামের মৃত বাছের শেখের ছেলে বাদশা শেখ (৫০) ও নাসির শেখ (৩২) এবং একই গ্রামের মৃত কয়সার প্রামানিকের ছেলে মিলন প্রামানিক (৪৫)।
রাণীনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিন জানান, আবাদপুকুর বাজারে যৌথ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় ওই তিনজনকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রত্যেককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।