বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর আধুনিক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে একটি দক্ষ, সৃজনশীল ও বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে মুন্সীগঞ্জের গজারিয়ায় বিজ্ঞানভিত্তিক সচেতনতামূলক সভা ও উদ্ভাবনী প্রকল্প প্রদর্শনী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের তেতৈতলা আইডিয়াল স্কুল এবং তেতৈতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যৌথভাবে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
'বিজ্ঞানমনস্ক প্রজন্ম গঠনে প্রযুক্তির সঙ্গে পরিচয় হোক শৈশব থেকেই'—এই স্লোগানকে সামনে রেখে গজারিয়া ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (জিস্ট) কর্মশালাটির আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক আজিজুল হক পার্থ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেতৈতলা আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মাজহারুল ইসলাম ও জাহাঙ্গীর আলম সকি। এছাড়াও অনুষ্ঠানে জিস্ট-এর রেজিস্ট্রার ইঞ্জিনিয়ার সৈয়দ শাকিল এবং একাডেমিক ইনচার্জ ইঞ্জিনিয়ার রিফাত সিকদার উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, বিজ্ঞান ও প্রযুক্তির জ্ঞানকে প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের কাছে সহজ ও আকর্ষণীয়ভাবে পৌঁছে দেওয়ার লক্ষ্যে জিস্ট পলিটেকনিক এ ধরনের কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালনার পরিকল্পনা গ্রহণ করেছে। এর আগেও উপজেলার বালুয়াকান্দি, আড়ালিয়া, বড় রায়পাড়া এবং ছোট রায়পাড়া গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডারগার্টেন স্কুলগুলোতে একই ধরনের কর্মশালা সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।