মিস ইউনিভার্স ২০২৬-এর দর্শক ভোটে সেরা ৩০ প্রতিযোগীর তালিকায় উঠে এসেছেন বাংলাদেশের প্রতিনিধি সামিরা খান মাহি। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত সর্বশেষ ফ্যান ভোটিং আপডেটে তার এই অবস্থানের কথা জানানো হয়েছে।
চলমান ভোটে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে সেরা ৩০-এ জায়গা করে নিয়েছেন মাহি। তবে ভোট এখনো শেষ হয়নি। ফলে পরবর্তী আপডেটে তার অবস্থান পরিবর্তনের সুযোগ রয়েছে। বাংলাদেশের প্রতিনিধিকে আরও এগিয়ে নিতে সমর্থকদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে মিস ইউনিভার্স বাংলাদেশ কর্তৃপক্ষ।
মাহিকে ভোট দিতে ‘এমইউ ফ্যান’ অ্যাপ ব্যবহার করতে হবে। অ্যাপ স্টোর বা গুগল প্লে থেকে অ্যাপটি ডাউনলোড করে নিবন্ধনের পর ‘ভোট’ অপশনে গিয়ে ‘মিস ইউনিভার্স বাংলাদেশ’ নির্বাচন করে ভোট দেওয়া যাবে। বিনা মূল্যে ভোট দেওয়ার পাশাপাশি অর্থের বিনিময়েও ভোট দেওয়ার সুযোগ রয়েছে।

শুধু ভোট নয়, অ্যাপের বিভিন্ন গেমে অংশ নিয়েও পয়েন্ট অর্জন করা যায়। পরে সেই পয়েন্ট ব্যবহার করে মাহির প্রতি সমর্থন জানাতে পারবেন ভক্তরা। চূড়ান্ত ফল প্রকাশের আগ পর্যন্ত ভোটের এই প্রতিযোগিতা চলবে। তাই বাংলাদেশের অবস্থান আরও শক্ত করতে দেশবাসী ও মাহির সমর্থকদের নিয়মিত ভোট দেওয়ার পাশাপাশি প্রচারণা চালানোর আহ্বান জানানো হয়েছে।
বাংলাদেশের প্রতিনিধিকে সেরা অবস্থানে দেখতে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্মে তথ্যটি ছড়িয়ে দেওয়ার অনুরোধও জানিয়েছে আয়োজকরা।