হরমুজ প্রণালিতে সংযুক্ত আরব আমিরাতের একটি জাহাজে হামলার ঘটনায় এক নাবিক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার (১৭ নভেম্বর) হামলার ঘটনাটি ঘটে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

জাহাজটির পরিচালনাকারী প্রতিষ্ঠান এডিএনওসি লজিস্টিকস অ্যান্ড সার্ভিসেস (এডিএনওসি এলঅ্যান্ডএস) জানিয়েছে, নিখোঁজ নাবিকের সন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে। নিরাপত্তার স্বার্থে জাহাজটির নাম ও হামলার ধরন সম্পর্কে বিস্তারিত জানানো হয়নি। হামলার পর জাহাজের অন্যান্য নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

সামুদ্রিক নিরাপত্তা সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, এলপিজি বহনকারী একটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রমের সময় একটি প্রজেক্টাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়। তবে হামলার ঘটনায় ঠিক কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এর আগে মঙ্গলবার ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ও নৌবাহিনী জানিয়েছিল, হরমুজ প্রণালিতে এলএনজি বহনকারী একটি জাহাজ ও দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে ব্রিটিশ নৌবাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, হরমুজ প্রণালির উত্তরাঞ্চলে খাসাবের কাছে দ্বিতীয়বারের মতো হামলার শিকার একটি ট্যাংকারের কয়েকজন নাবিকের সন্ধান পাওয়া যাচ্ছে না। তবে এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি সংস্থাটি।

সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালিতে জাহাজে হামলার ঘটনা বেড়েছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের প্রেক্ষাপটে ইরান গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করায় উপসাগরীয় দেশগুলোর জ্বালানি পরিবহন ও রপ্তানি কার্যক্রমে প্রভাব পড়ছে।

বিশ্বের উল্লেখযোগ্য পরিমাণ তেল ও গ্যাস এই নৌপথ দিয়ে পরিবহন করা হয়। ফলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র: রয়টার্স