কেমব্রিজ ডিকশনারির ২০২৬ সালের বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছে ‘হিউম্যান’। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) দ্রুত বিস্তার এবং এর প্রভাব নিয়ে বিশ্বজুড়ে চলমান আলোচনার মধ্যে শব্দটি মানুষের পরিচয়, অনুভূতি ও বৈশিষ্ট্যকে নতুন করে ভাবার প্রতিফলন ঘটিয়েছে বলে জানিয়েছে কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেস।

কেমব্রিজ ইউনিভার্সিটি প্রেসের বোর্ড সদস্য ফ্রান্সেসকা উডওয়ার্ড বলেন, গত এক বছরে এআই মানুষের কর্মসংস্থান দখল করে নিতে পারে—এমন উদ্বেগের কারণে মানুষ ‘মানুষ হওয়ার প্রকৃত অর্থ’ নিয়ে নতুন করে ভাবছে। এ কারণে ‘হিউম্যান’ শব্দটি ২০২৬ সালের সময়ের চেতনাকে ধারণ করেছে।

কেমব্রিজের শব্দবিশারদরা জানান, ‘হিউম্যান-মেইড’ ও ‘হিউম্যান অথর’-এর মতো যৌগিক শব্দে ‘হিউম্যান’-এর ব্যবহারও বেড়েছে। একই সঙ্গে মানুষের মন ও কৃত্রিম মনের পার্থক্য, চেতনা, সৃজনশীলতা ও সহমর্মিতা নিয়েও বিশ্বজুড়ে আলোচনা বাড়ছে।

বর্ষসেরা শব্দ নির্বাচনের দৌড়ে ‘হিউম্যান’-এর পাশাপাশি ছিল ‘এজেন্ট’, ‘হোলসাম’ ও ‘ডাসকিং’। ‘এজেন্ট’ বলতে এমন এআই ব্যবস্থাকে বোঝায়, যা মানুষের সরাসরি নিয়ন্ত্রণ ছাড়াই জটিল কাজ করতে পারে। ‘হোলসাম’ বলতে শারীরিক, নৈতিক বা মানসিকভাবে উপকারী বিষয়কে বোঝায়। আর ‘ডাসকিং’ হলো দিনের আলো ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে যাওয়ার দৃশ্য উপভোগের একটি অবসরচর্চা।

২০২৬ সালে কেমব্রিজ ডিকশনারিতে যুক্ত হওয়া নতুন শব্দের মধ্যে রয়েছে ‘অরা ফার্মিং’ ও ‘লুকসম্যাক্সিং’। এ ছাড়া আগামী বছর নজরে রাখার মতো শব্দের তালিকায় রয়েছে ‘ফোবো’ ও ‘ওয়েদার হুইপল্যাশ’।

‘ফোবো’ বলতে কৃত্রিম বুদ্ধিমত্তা মানুষের কাজ করে দেওয়ায় কর্মক্ষেত্রে নিজেকে অপ্রয়োজনীয় হয়ে পড়ার ভয়কে বোঝায়। আর ‘ওয়েদার হুইপল্যাশ’ হলো আবহাওয়ার এক চরম অবস্থা থেকে দ্রুত আরেক চরম অবস্থায় পরিবর্তন।

কেমব্রিজ ডিকশনারির ওয়েবসাইটে কোন শব্দ বেশি খোঁজা হচ্ছে, শব্দের ব্যবহার ও সময়ের গুরুত্বপূর্ণ প্রবণতাসহ বিভিন্ন বিষয় বিবেচনা করে বর্ষসেরা শব্দ নির্বাচন করা হয়। গত বছর বর্ষসেরা শব্দ নির্বাচিত হয়েছিল ‘প্যারাসোশ্যাল’।