জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৩৩ হাজার ২৯৮ কোটি ৪৮ লাখ টাকা ব্যয়ে ১৬টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে গ্রামীণ সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, নদীভাঙন প্রতিরোধ, খাল ও ছোট নদী পুনঃখনন, গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং সড়ক যোগাযোগব্যবস্থা উন্নয়ন।

বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এসব প্রকল্প অনুমোদন দেওয়া হয়। সভা শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনা প্রতিমন্ত্রী মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি।

অনুমোদিত ১৬টি প্রকল্পের মধ্যে ১৪টি নতুন এবং দুটি সংশোধিত। এসব প্রকল্প বাস্তবায়নে সরকারি অর্থায়ন থেকে ৩২ হাজার ৮৬৩ কোটি ৭৬ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৪২৪ কোটি ৭৩ লাখ টাকা এবং সংশ্লিষ্ট সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ১০ কোটি টাকা ব্যয় হবে।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সাতটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে উপজেলা, ইউনিয়ন ও গ্রাম সড়কে দীর্ঘ সেতু নির্মাণ, জয়পুরহাটের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রথম সংশোধন, ফরিদপুর ও রাজবাড়ীর গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, সিলেট বিভাগের বিভিন্ন জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন এবং বৃহত্তর যশোর জেলার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প রয়েছে।

এ ছাড়া পল্লী জীবিকায়ন প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় সংশোধন এবং দাশেরকান্দি পয়ঃশোধনাগারের জন্য পয়ঃবর্জ্য সংগ্রহ লাইন নির্মাণ প্রকল্পও অনুমোদন পেয়েছে।

পানি সম্পদ মন্ত্রণালয়ের চারটি প্রকল্পও অনুমোদিত হয়েছে। এগুলোর মধ্যে দেশব্যাপী খাল, ছোট নদী ও জলাশয় খনন ও পুনঃখননের মাধ্যমে নিষ্কাশন ও সেচ সুবিধা বৃদ্ধি, জামালপুরে ব্রহ্মপুত্র ও জিঞ্জিরাম নদীর ভাঙন প্রতিরোধ এবং বরিশালের বাবুগঞ্জ ও উজিরপুর উপজেলার বিভিন্ন এলাকা সুগন্ধা ও সন্ধ্যা নদীর ভাঙন থেকে রক্ষার প্রকল্প রয়েছে। এ ছাড়া গোড়ানচটবাড়ী রিটেনশন পন্ড ও তুরাগ নদী সুরক্ষা ও সংরক্ষণ প্রকল্পের প্রথম পর্যায়ও অনুমোদন পেয়েছে।

কৃষি মন্ত্রণালয়ের জয়পুরহাট, বগুড়া ও গাইবান্ধা জেলা ক্ষুদ্রসেচ উন্নয়ন প্রকল্পও অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি প্রধানমন্ত্রীর কার্যালয়ের অধীন জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ এবং প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বিমান বাহিনীর ঢাকা এলাকার কর্মকর্তাদের আবাসিক সমস্যা নিরসনে অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প অনুমোদিত হয়েছে।

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দুটি প্রকল্পের মধ্যে রয়েছে জয়পুরহাট সড়ক বিভাগের তিনটি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ এবং মোকামতলা-কালাই-জয়পুরহাট আঞ্চলিক মহাসড়ক চার লেনে উন্নীতকরণ। দ্বিতীয় প্রকল্পের আওতায় সার্ভিস লেনও নির্মাণ করা হবে।

এদিকে সভায় পরিকল্পনামন্ত্রী ইতোমধ্যে অনুমোদন দেওয়া ৫০ কোটি টাকার কম ব্যয়ের ১৪টি প্রকল্প সম্পর্কে একনেককে অবহিত করেন। এসব প্রকল্পের মধ্যে কুমিল্লার মুরাদনগরে আর্চি ও বুড়ি নদী পুনঃখনন, জলবায়ু সহনশীল কৃষি ও পানি ব্যবস্থাপনা, জগন্নাথপুর ও মোহনগঞ্জে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন এবং জীবপ্রযুক্তির মাধ্যমে কৃষিবীজ উন্নয়ন ও বর্ধিতকরণ প্রকল্প রয়েছে।

এ ছাড়া টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ফসলের নিবিড়তা বৃদ্ধি, মৎস্য ও প্রাণিসম্পদ তথ্য দপ্তরের সক্ষমতা জোরদার এবং মিরকাদিম গরুর সংরক্ষণ ও উন্নয়ন গবেষণা প্রকল্পও এসব প্রকল্পের অন্তর্ভুক্ত।

সভায় রাজশাহী বিভাগের জলবায়ু সহনশীল মৎস্যসম্পদ উন্নয়ন, দেশের উত্তর-পূর্ব ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলে জলজ বাস্তুতন্ত্র সংরক্ষণ ও ব্যবস্থাপনা এবং মহাসড়কে বিদ্যমান সরু ও ঝুঁকিপূর্ণ পুরোনো সেতুর পরিবর্তে নতুন কংক্রিট সেতু নির্মাণ প্রকল্প সম্পর্কেও একনেককে অবহিত করা হয়। দুর্গম ও প্রত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় স্যাটেলাইট প্রযুক্তির মাধ্যমে টেলিটকের উচ্চগতির মোবাইল নেটওয়ার্ক সেবা সম্প্রসারণ প্রকল্পও রয়েছে এ তালিকায়।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, প্রতিমন্ত্রী, পরিকল্পনা কমিশনের সদস্য এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিবরা উপস্থিত ছিলেন।