রাষ্ট্রের স্থিতিশীলতা, জননিরাপত্তা, গণতান্ত্রিক মূল্যবোধ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার প্রত্যয়ে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর ২০২৬) সকাল ১১টায় গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে আয়োজিত এ র্যালিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। র্যালি থেকে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানানো হয়।
প্রতিবাদ র্যালির প্রতি সংহতি জানিয়ে এতে অংশগ্রহণ করেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আনিসুর রহমান এবং ট্রেজারার অধ্যাপক ড. শেখ রফিকুল ইসলাম।
এ সময় উপাচার্য বলেন, "রাষ্ট্রের স্থিতিশীলতা, জননিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জরুরি। বিশ্ববিদ্যালয়ের সচেতন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের এ প্রতিবাদী উদ্যোগের প্রতি তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে সংহতি প্রকাশ করেন। তিনি আরও বলেন, একটি শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গঠনে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের প্রচেষ্টায় বাউবি পরিবার সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ। দেশের অগ্রযাত্রা ও গণতান্ত্রিক প্রক্রিয়া বাধাগ্রস্ত করার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের দৃঢ় অবস্থান অব্যাহত থাকবে। একই সঙ্গে জননিরাপত্তা বিঘ্নকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে তিনি সরকারের প্রতি আহ্বান জানান। প্রতিবাদী কর্মসূচি আয়োজনের জন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে তিনি দেশ, জনগণের নিরাপত্তা ও গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান"।
এছাড়াও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এসএসএইচএল-এর ডিন অধ্যাপক তানভীর আহসান, এসএসএস বিভাগের পরিচালক অধ্যাপক ড. মোঃ আবু তালেব ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) টি এম আহমেদ হুসেইন।