ভারতে অবস্থানরত আওয়ামী লীগের পলাতক নেতাকর্মীরা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১৮ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের কয়েকজন নেতা ভারতে অবস্থান করে ভিডিও বার্তার মাধ্যমে দেশে বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ডে উসকানি দিচ্ছেন। পুলিশ ও বিএনপি নেতাদের গাড়িতে বোমা হামলা, ককটেল নিক্ষেপ এবং গাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা ঘটানো হচ্ছে বলেও দাবি করেন তিনি।
তিনি বলেন, ‘ধৈর্যের একটা সীমা আছে। সেই সীমা যেন অতিক্রম না করে, সে বিষয়ে পলাতক শক্তিকে সতর্ক থাকতে হবে।’ রিজভী আরও বলেন, দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক শক্তি আন্দোলন-সংগ্রাম করেছে। এর ধারাবাহিকতায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান সংঘটিত হয়। ওই আন্দোলনে ছাত্র, জনতা ও শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং অনেকে আত্মত্যাগ করেন।
তিনি অভিযোগ করেন, জুলাই আন্দোলনের রক্তের দাগ এখনো শুকায়নি। এরই মধ্যে আগের রাজনৈতিক পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। সভায় বাংলাদেশ ব্যাংকের অর্থ লোপাট, বিভিন্ন ব্যাংকের অর্থ আত্মসাৎ এবং শেখ হাসিনা ও তাঁর পরিবারের সদস্যদের নামে সম্পদ অর্জনের অভিযোগও তোলেন রিজভী। তবে এসব অভিযোগের বিষয়ে তিনি বিস্তারিত তথ্য উপস্থাপন করেননি।
মওলানা ভাসানীর রাজনৈতিক অবদানের কথা তুলে ধরে রিজভী বলেন, কৃষক আন্দোলন, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদবিরোধী সংগ্রামে তাঁর ভূমিকার ইতিহাস সংকলন করে পূর্ণাঙ্গ গ্রন্থ প্রকাশ করা প্রয়োজন।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাহউদ্দিন টুকু। সভাপতিত্ব করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক শামসুজ্জামান দুদু।
সুলতান সালাহউদ্দিন টুকু বলেন, মওলানা ভাসানী সবসময় নির্যাতিত ও নিপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন। অন্যায়ের কাছে তিনি কখনো মাথা নত করেননি এবং গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে সংগ্রাম করেছেন।
তিনি আরও বলেন, দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে এবং ফ্যাসিবাদের বিপক্ষে। যারা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে নিজেদের স্বার্থ হাসিল করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভাপতির বক্তব্যে শামসুজ্জামান দুদু বলেন, মওলানা আবদুল হামিদ খান ভাসানী ছিলেন এশিয়ার নিপীড়িত মানুষের নেতা এবং বাংলাদেশের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা। তাঁর দৃঢ় নেতৃত্বের কারণে দেশ-বিদেশে তাঁর ব্যাপক পরিচিতি গড়ে উঠেছিল।
সূত্র: বাসস