যুক্তরাষ্ট্রের অবরোধ ও অর্থনৈতিক নিষেধাজ্ঞার মধ্যেও চলতি বছরের প্রথম ছয় মাসে ৫১ লাখ টনের বেশি জ্বালানি পণ্য রপ্তানি করার দাবি করেছে ইরান। দেশটির বৃহত্তম বাণিজ্যিক বন্দর শহীদ রাজায়ি দিয়ে এসব পণ্য রপ্তানি করা হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানান হরমোজগান বন্দর ও সমুদ্র পরিবহন সংস্থার মহাপরিচালক হোসেইন আব্বাসনেজাদ। আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

হোসেইন আব্বাসনেজাদ জানান, যুদ্ধ পরিস্থিতি ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা জোরদার হওয়ার পরও শহীদ রাজায়ি বন্দর দিয়ে মোট ৫১ লাখ ৪০ হাজার টন জ্বালানি পণ্য রপ্তানি করা হয়েছে। এর আগে গত এপ্রিলে পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো সমঝোতা হয়নি। এর পর ইরানের বন্দরগুলোতে সামরিক অবরোধ আরোপ করে যুক্তরাষ্ট্র।

এদিকে, গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা ঘোষণা করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের তথ্য অনুযায়ী, ইরানের অপরিশোধিত তেল, জ্বালানি পণ্য ও পেট্রোকেমিক্যাল পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি, বিভিন্ন নেটওয়ার্ক এবং ১৭টি জাহাজকে নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে।

নতুন নিষেধাজ্ঞা ও অবরোধের মধ্যেও জ্বালানি পণ্য রপ্তানির এই পরিসংখ্যান তুলে ধরে ইরান তাদের বাণিজ্যিক কার্যক্রম অব্যাহত থাকার দাবি জানিয়েছে।