ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের চাপায় নিহত হয়েছে ২ মোটরসাইকেল আরোহী। বুধবার ১৪ অক্টোবর সকাল সাড়ে ৭ টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বৈইষামুড়া এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নরসিংদী জেলা সদরের অনুপ কুমার (৫৫) ও আনোয়ারুল আজিম (৪০)
খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশ সূত্রে জানা যায়, সকালে নরসিংদী থেকে মোটরসাইকেলে সিলেটের উদ্দেশে রওনা হন ওই দুই ব্যক্তি। বৈইষামোড়া এলাকায় মহাসড়কে যানজটের মধ্যে পেছন থেকে একটি ট্রাক তাঁদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অনুপ কুমারের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আনোয়ারুল আজিমকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।