যশোরের অভয়নগরে একমাত্র ছেলে নিখোঁজ হওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবারের সদস্যরা। নিখোঁজ হওয়া ছেলেটির মা বলেন,'আমার একমাত্র ছেলে নাফিজ হাসান জিম (১৩) ছয় দিন আগে বাড়ি থেকে মাদরাসায় গিয়ে এখনো ফিরে আসেনি। ছেলেটি কোথায় আছে, কী খাচ্ছে, কেমন আছে, বেঁচে আছে না মারা গেছে, কিছুই জানি না।’
জিমের বাবা এস এম আবুল কাশেম একজন দিনমজুর। উপজেলার চলিশিয়া ইউনিয়নের একতারপুর গ্রামে তাদের বসবাস। তিনি জানান, তার ছেলে উপজেলার পায়রা ইউনিয়নের কাদিরপাড়া এবতেদায়ি মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। ইতোমধ্যে সে কুরআন শরিফের দুই পারা শেষ করেছে। গত শুক্রবার (৯ অক্টোবর) বিকেলে বাড়ি থেকে বেরিয়ে মাদরাসায় যাওয়ার পর থেকে সে নিখোঁজ।
আবুল কাশেম আরও জানান, অনেক খোঁজাখুঁজি করেও ছেলের সন্ধান না পেয়ে গত সোমবার (১২ অক্টোবর) তিনি অভয়নগর থানায় সাধারণ ডায়েরি (জিডি নং-৬৯৩) করেছেন। নিখোঁজ হওয়ার সময় জিমের পরনে ছিল কফি রঙের পাঞ্জাবি ও সাদা রঙের পায়জামা। তার গায়ের রং ফরসা, মাথার চুল কালো ও ছোট, উচ্চতা চার ফুট, ওজন ৩৫ কেজি এবং মুখমণ্ডল গোলাকার।
জিমের সন্ধান পেলে ০১৯১৪-৭৭৯৬০০ অথবা ০১৯১৩-৭১৮১৮০ নম্বরে যোগাযোগ করতে কিংবা নিকটস্থ থানায় হস্তান্তর করতে অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, ‘নিখোঁজ মাদরাসাছাত্র নাফিজ হাসান জিমকে খুঁজে পেতে সব ধরনের আইনি কার্যক্রম চলমান রয়েছে।’