জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী অভিনীত আলোচিত ওয়েব সিরিজ ‘ফেউ’র দ্বিতীয় সিজন নিয়ে আবারও আশার খবর পাওয়া যাচ্ছে। প্রথম সিজন মুক্তির প্রায় দুই বছর পর সিরিজটির নতুন কিস্তি দেখতে পারবেন দর্শকরা। নির্মাতা ও ওটিটি প্ল্যাটফর্ম চরকির পক্ষ থেকে পাওয়া আভাস অনুযায়ী, চলতি বছরেই মুক্তি পেতে পারে দ্বিতীয় সিজন। এ নিয়ে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণা আসার সম্ভাবনা রয়েছে।

২০২৫ সালের ৩০ জানুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে মুক্তি পায় ‘ফেউ’র প্রথম সিজন। মুক্তির পর সিরিজটি দর্শকদের মধ্যে আলোচনার জন্ম দেয়। প্রথম সিজন প্রকাশের সময় নির্মাতারা জানিয়েছিলেন, কয়েক মাসের মধ্যেই দ্বিতীয় সিজন মুক্তি দেওয়া হবে। কারণ, দুই সিজনের শুটিং একসঙ্গেই সম্পন্ন করা হয়েছিল। তবে নানা কারণে দ্বিতীয় সিজনের প্রচার শুরু হতে দেরি হয়।

সুকর্ণ সাহেদ ধীমান পরিচালিত এই সিরিজের গল্পের পটভূমি ১৯৭৯ সালে ভারতের পশ্চিমবঙ্গে ঘটে যাওয়া মরিচঝাঁপি হত্যাকাণ্ডের ছায়া অবলম্বনে নির্মিত। দেশভাগ ও মুক্তিযুদ্ধের সময় নানা প্রতিকূলতা পেরিয়ে হিন্দু সম্প্রদায়ের একটি অংশ ডুমুরঝাঁপিতে আশ্রয় নেয়। পরবর্তী সময়ে তাদের উচ্ছেদকে কেন্দ্র করে সংকট তৈরি হয়। শরণার্থীদের খাদ্য ও পানির সরবরাহ বন্ধ করে দেওয়া, ঘরবাড়িতে আগুন দেওয়া, নৌকা ডুবিয়ে দেওয়া এবং হত্যাকাণ্ডের মতো নির্মম ঘটনার চিত্র উঠে এসেছে সিরিজটির প্রথম সিজনে।

গল্পে মোংলা চার্চের রেভারেন্ড ফটোগ্রাফার সুনীলের চরিত্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শরণার্থীদের ওপর ঘটে যাওয়া নির্যাতনের চিত্র সংবাদমাধ্যমে তুলে ধরার চেষ্টা করতে গিয়ে নানা বাধার মুখে পড়েন তিনি। এরপর গল্পে একের পর এক ঘটনার মধ্য দিয়ে এগিয়ে যায় কাহিনি। সিরিজটিতে চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন তারিক আনাম খান, মোস্তাফিজুর নূর ইমরান, তাহমিনা অথৈ, তানভীর অপূর্ব, হোসেন জীবন, রিজভী রিজু ও এ কে আজাদ সেতুসহ আরও অনেকে।

দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের আগ্রহের অন্যতম কারণ হলো প্রথম কিস্তির অসমাপ্ত গল্পের পরিণতি জানার অপেক্ষা। তবে নতুন সিজনের নির্দিষ্ট মুক্তির তারিখ ও বিস্তারিত তথ্য আনুষ্ঠানিকভাবে প্রকাশের পরই বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।