বান্দরবান পার্বত্য জেলার দুর্গম এলাকার মা ও শিশুর স্বাস্থ্যসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করার লক্ষ্যে ১৮ নারীকে ধাত্রীবিদ্যার ওপর প্রশিক্ষণ দেয়া হচ্ছে।
মঙ্গলবার বান্দরবান সেনানিবাসের এমডিএস ভবনের দ্বিতীয় তলায় ৬৯ পদাতিক ব্রিগেড হেডকোয়ার্টারের ব্যবস্থাপনায় এবং ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের পরিচালনায় তিন সপ্তাহব্যাপী এই প্রশিক্ষণের তৃতীয় দিনের ক্লাস অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বান্দরবান রিজিয়নের আওতাধীন বিভিন্ন পাড়া থেকে আগত ১৮জন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও বাঙালি নারী অংশগ্রহণ করছেন।
প্রশিক্ষণের তৃতীয় দিনে গর্ভাবস্থায় বিপদ সংকেত, সাধারণ শারীরিক সমস্যা ও তার প্রতিকার, ডায়রিয়া, কলেরা ও পানিশূন্যতায় আক্রান্ত রোগীর প্রাথমিক চিকিৎসা, জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি এবং প্রসবকালীন সময়ে গর্ভবতী মায়ের সেবা ও সাধারণ ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ পরিচালনা করেন চিকিৎসক ডা. শাহানা রহমান, বিসিএস (স্বাস্থ্য), এফসিপিএস; ক্যাপ্টেন লাবিব দাইয়ান, এএমসি এবং মেজর মোছা. শাহরীন জাহান প্রধান, এএমসি। প্রশিক্ষণার্থীদের থাকার ব্যবস্থা করা হয়েছে বান্দরবানের নিউ গুলশান এলাকায় অবস্থিত সোমাং বম হোস্টেলে। সেখান থেকে প্রশিক্ষণস্থলে যাতায়াতের জন্য ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একটি বাস ব্যবহৃত হচ্ছে।
প্রশিক্ষণের অংশ হিসেবে বান্দরবান সদর হাসপাতাল পরিদর্শনেরও ব্যবস্থা রাখা হয়েছে। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারী নারীরা মাতৃ স্বাস্থ্য,নিরাপদ প্রসব, নবজাতকের যত্ন এবং জরুরি স্বাস্থ্য পরিস্থিতিতে প্রাথমিক করণীয় সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জন করবেন বলে আশা করা হচ্ছে।