সৌদি আরবে বিমানবন্দরে হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তা বিবেচনায় ঢাকা থেকে সৌদির দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সৌদি আরবে বিমানবন্দরে চলমান হামলার পরিপ্রেক্ষিতে যাত্রীদের নিরাপত্তার স্বার্থে ঢাকা-দাম্মাম ও ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট নির্ধারিত সময় পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সময়সীমা বাংলাদেশের স্থানীয় সময় ও তারিখ অনুযায়ী কার্যকর হবে। স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত এবং নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

এর আগে সোমবার ঢাকা থেকে রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিতের ঘোষণা দিয়েছিল বিমান বাংলাদেশ এয়ারলাইনস। নতুন সিদ্ধান্তের ফলে দাম্মাম রুটের ফ্লাইটও একই সময় পর্যন্ত বন্ধ থাকছে। এদিকে জরুরি প্রয়োজনে সৌদি আরবে যাতায়াত কিংবা সেখান থেকে দেশে ফিরতে যাত্রীদের জন্য জেদ্দা ও মদিনা আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারের সুযোগ রয়েছে বলে জানিয়েছে বিমান কর্তৃপক্ষ।

এ ক্ষেত্রে টিকিট ও ভ্রমণসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে নিকটস্থ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিক্রয়কেন্দ্রে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, স্থগিত ফ্লাইটগুলোর পরবর্তী সময়সূচি সম্পর্কে যাত্রীদের যথাসময়ে অবহিত করা হবে।