নওগাঁর পত্নীতলায় বিশেষ অভিযান চালিয়ে ১২.৫ (বারো লিটার ৫০০ মিলি) দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধারসহ শ্রী অরুণ চন্দ্র বর্মন (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর, ২০২৬) গভীর রাতে পত্নীতলা থানাধীন পাটিচরা ইউনিয়নের পাটিআমলাই গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতারকৃত অরুণ চন্দ্র বর্মন ওই গ্রামের শ্রী তারাপদ বর্মনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা থানা পুলিশ আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পাটিআমলাই গ্রামে অরুণ চন্দ্র বর্মনের নিজ বসতবাড়িতে অভিযান চালানো হয়।
পরবর্তীতে তার শয়নকক্ষ তল্লাশি করে প্লাস্টিকের বস্তার ভেতরে থাকা ৫০টি প্লাস্টিকের বোতলে রক্ষিত ২৫০ মিলি করে মোট ১২.৫ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার ও জব্দ করা হয়।ঘটনার সত্যতা নিশ্চিত করে পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়ামুল হক জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।