ফ্রান্সে বিক্ষোভের সময় সহিংসতার জন্য অভিবাসনকে দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স।
শনিবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ফ্রান্সের লিমোজ শহরের সিটি হল ভবনে আগুন জ্বলতে থাকা একটি ভিডিও শেয়ার করেন।
ভ্যান্স সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ‘বৈচিত্র্য ও সহমর্মিতার নামে পশ্চিমা উদারপন্থীরা ফ্রান্সসহ অন্যান্য দেশে তৃতীয় বিশ্বের মানুষদের নিয়ে এসেছেন। তারা অভিবাসীদের স্থানীয় সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া এবং তাদের সংস্কৃতি ও মূল্যবোধের সঙ্গে স্থানীয় সমাজের সামঞ্জস্যের মতো মৌলিক বিষয়গুলো উপেক্ষা করেছেন। তাদের আগেই সতর্ক করা হয়েছিল, এর পরিণতি এমন হতে পারে। কিন্তু তাঁরা সেই সতর্কবার্তায় কর্ণপাত করেননি।’
তিনি আরও লিখেছেন, ‘ফ্রান্স একটি সুন্দর দেশ, যার মানুষ অসাধারণ। আমি প্রার্থনা করি, আরও ঐতিহাসিক স্থাপনা আগুনে পুড়ে যাওয়ার আগেই দেশটি যেন এই উন্মত্ততা থেকে বেরিয়ে আসতে পারে।’