নেত্রকোণার দুর্গাপুরে ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫০) এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনার পর পালিয়ে যান চালক। সোমবার (২৬ অক্টোবর) দুপুর তিনটার দিকে উপজেলার বিরিশিরি ইউনিয়নের বিরিশিরি-ডেউটুকুন সড়কের দাখিনাইল চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ওই নারীর পরিচয় পাওয়া যায়নি। তিনি পথচারী ছিলেন বলে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।
ইজিবাইকের যাত্রী ও প্রত্যক্ষদর্শী দিলরুবা নামের এক নারী জানান, ব্যাটারিচালিত ইজিবাইকটিতে তারা তিনজন যাত্রী ছিলেন। দাখিনাইল চৌরাস্তা এলাকা পার হয়ে কিছুটা সামনে যেতেই এক নারী হঠাৎ দৌড়ে গাড়ির সামনে চলে আসেন। এ সময় দ্রæতগতির ইজিবাইকটির ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পর ভয়ে চালক দৌড়ে পালিয়ে যান। ইজিবাইকটি সেখানেই একটি বাড়ির সামনে পড়ে রয়েছে।
এ বিষয়ে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে। নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।