ভোলার চরফ্যাশন উপজেলার মুজিবনগর ইউনিয়নের দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগ উঠেছে। উপজেলা প্রশাসনের আকস্মিক পরিদর্শনে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় তালাবদ্ধ অবস্থায় পাওয়া গেছে। অন্যদিকে, একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত অনুপস্থিতি ও রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও সামনে এসেছে।
রোববার দুপুর ১২টা ৪৫ মিনিটে উপজেলা প্রশাসনের নির্দেশনায় স্থানীয় কর্মকর্তারা মুজিবনগর ইউনিয়নের ১৮২ নম্বর সিকদারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে যান। এ সময় বিদ্যালয়টি তালাবদ্ধ অবস্থায় পাওয়া যায়। সেখানে কোনো শিক্ষক বা শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়নি। পুরো বিদ্যালয় চত্বর ছিল নীরব।

পরিদর্শনসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিদ্যালয়ের চাবি পাশের একটি বাড়ির বাসিন্দার কাছে রেখে শিক্ষকরা চলে গেছেন বলে অভিযোগ রয়েছে। সরকারি একটি শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের পরিস্থিতি নিয়ে স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে।
স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর অভিযোগ, বিদ্যালয়ের শিক্ষকরা নিয়মিত উপস্থিত থাকেন না। অনেক সময় বিদ্যালয়ের চাবিও পাশের বাড়ির বাসিন্দার কাছে রাখা হয়। এতে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে বলে তাঁদের দাবি।
এক অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখানকার শিক্ষকরা নিয়মিত স্কুলে আসেন না। চাবি থাকে পাশের বাড়ির মানুষের কাছে। সরকারি একটা স্কুল এভাবে চললে আমাদের সন্তানদের ভবিষ্যৎ কী?” এদিকে, একই ইউনিয়নের আরেকটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিয়মিত অনুপস্থিতি এবং রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগও উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা গুরুত্বের সঙ্গে প্রকাশ করা হবে।
শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক উপস্থিতি নিশ্চিত করা এবং পাঠদান কার্যক্রম স্বাভাবিক রাখতে প্রশাসনিক নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা। তাঁদের মতে, নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অনিয়ম দূর করা সম্ভব।