রাজধানীর উত্তর সায়দাবাদ সরদারবাড়ি লেনে রাস্তা ও সুয়ারেজ লাইন সংস্কারকাজ শুরু হয়েছিল ২০২৪ সালের শুরুর দিকে। কিন্তু দুই বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সেই কাজ। সামান্য কিছু অংশে কাজ করে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়েছে সংস্কার কার্যক্রম। ফলে ভাঙাচোরা রাস্তা, খানাখন্দ, জলাবদ্ধতা, উপচে পড়া নোংরা পানি ও অসহনীয় দুর্গন্ধের মধ্যে দিন কাটাতে হচ্ছে এলাকাবাসীকে। নাগরিক দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে নেওয়া উন্নয়ন প্রকল্পই এখন এলাকাবাসীর ভোগান্তির অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) অঞ্চল-৫-এর অধীন ৪৮ নম্বর ওয়ার্ডের এই সড়কটির বেহাল দশায় ক্ষোভ বাড়ছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে। দীর্ঘদিনের পয়ঃনিষ্কাশন সমস্যা সমাধান এবং সড়কটি চলাচলের উপযোগী করার প্রত্যাশায় সংস্কারকাজ শুরু হলেও সেই প্রত্যাশা এখন হতাশায় রূপ নিয়েছে। দুই বছর ধরে একটি গুরুত্বপূর্ণ সড়ক ও সুয়ারেজ ব্যবস্থার সংস্কারকাজ অসমাপ্ত পড়ে থাকায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরিকল্পনা, তদারকি ও জবাবদিহি নিয়ে প্রশ্ন উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের শুরুর দিকে সড়ক ও সুয়ারেজ লাইন সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। কাজ শুরু হওয়ায় এলাকাবাসীর মধ্যে স্বস্তির প্রত্যাশা তৈরি হয়েছিল। কিন্তু মূল সড়কের সামান্য অংশ খনন করে কালভার্ট নির্মাণের পরই কাজ বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও অসমাপ্ত কাজের আর কোন অগ্রগতি হয়নি। ফলে বাস্তবে দুর্ভোগ থেকে মুক্তি পাননি এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ ভাঙাচোরা ও খানাখন্দে ভরা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় স্বাভাবিক চলাচলও ব্যাহত হচ্ছে। রিকশা, ভ্যান ও মোটরসাইকেলসহ হালকা যানবাহন চলাচলেও সৃষ্টি হচ্ছে প্রতিবন্ধকতা। সামান্য বৃষ্টিতেই রাস্তার গর্তগুলোতে পানি জমে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হয়। অন্যদিকে, সুয়ারেজ ও পয়ঃনিষ্কাশনব্যবস্থার সমস্যার কারণে নোংরা পানি সড়কে ছড়িয়ে চলাচলের অনুপযোগী হয় আছে। এতে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি ছড়াচ্ছে অসহনীয় দুর্গন্ধ। পথচারীদের চলাচল হয়ে উঠেছে দুর্বিষহ, বিশেষ করে শিশু, নারী ও প্রবীণদের জন্য সড়কটি ব্যবহার করা কঠিন হয়ে পড়েছে। খানাখন্দে হোঁচট খেয়ে কিংবা পিচ্ছিল রাস্তায় পিছলে পড়ে দুর্ঘটনার সংখ্যা বাড়ছে প্রতিনিয়ত।
এলাকাবাসীর অভিযোগ, সমস্যার সমাধানে সংশ্লিষ্ট দপ্তরে একাধিকবার যোগাযোগ করা হলেও কার্যকর প্রতিকার মেলেনি। দিনের পর দিন দুর্ভোগ চলতে থাকলেও অসমাপ্ত কাজ শেষ করার দৃশ্যমান উদ্যোগ না থাকায় জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। একটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক ও পয়ঃনিষ্কাশন ব্যবস্থার সংস্কারকাজ শুরু করার পর তা বছরের পর বছর ফেলে রাখার কারণ কী, কাজ বন্ধ থাকার জন্য দায়ী কে এবং কবে নাগাদ কাজ শেষ হবে—এসব প্রশ্নের উত্তর জানতে চান স্থানীয় বাসিন্দারা।
উন্নয়ন প্রকল্প গ্রহণের পর নির্ধারিত সময়ে কাজ শেষ করা এবং জনদুর্ভোগ এড়াতে কার্যকর তদারকি নিশ্চিত করা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। এ অবস্থায় এলাকাবাসী ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট প্রকৌশল বিভাগের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, অসমাপ্ত সুয়ারেজ লাইন নির্মাণ ও সংস্কারকাজ দ্রুত শেষ করে এবং ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করে নিরাপদ চলাচল নিশ্চিত করা। পাশাপাশি কাজ শেষ করার নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ এবং সংস্কারকাজের অগ্রগতি সম্পর্কে এলাকাবাসীকে অবহিত করারও দাবি জানিয়েছেন তারা।
নগর উন্নয়নের মূল উদ্দেশ্য নাগরিকদের জীবনযাত্রা সহজ করা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা। অথচ এই এলাকার বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘ দুই বছর ধরে সংস্কারকাজ অসমাপ্ত থাকায় তাদের দুর্ভোগের অবসান হচ্ছে না। জনস্বার্থে নেওয়া এই প্রকল্পের কাজ কবে শেষ হবে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে কার্যকর পদক্ষেপ নেবে এবং নাগরিকদের দুর্ভোগ নিরসনে কত দ্রুত ব্যবস্থা নেওয়া হবে—এখন সেই প্রশ্নের উত্তর প্রত্যাশা করছেন এলাকাবাসী।