নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে যুবদল নেতা জহির ফকির হত্যা মামলার এজাহারনামীয় ৩ নম্বর আসামি কবির হোসেনকে (৬০) গ্রেপ্তার করেছে এসআরবি-১১। সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টার দিকে কক্সবাজার সদর থানাধীন কলাতলী বিচ এলাকায় এসআরবি-১১ ও এসআরবি-১৫ (কক্সবাজার)-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কবির হোসেন আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের খালিয়াচর এলাকার মৃত মোমতাজ উদ্দিনের ছেলে। নিহত জহির ফকির (৪৫) কালাপাহাড়িয়া ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন।
এসআরবি-১১-এর প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ২১ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে সোনারগাঁ থানাধীন চর হোগলা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। ওই রাতে নিজের ফার্মেসি বন্ধ করে বোনের বাড়িতে যাওয়ার পথে জহির ফকিরের ওপর হামলা চালায় পূর্বপরিকল্পিতভাবে ওত পেতে থাকা একদল সশস্ত্র দুর্বৃত্ত। তারা ধারালো চাপাতি ও দেশীয় অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে সড়কে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়।
পরে স্থানীয় লোকজন ও স্বজনেরা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, হত্যাকাণ্ডের পর অভিযুক্তরা গ্রেপ্তার এড়াতে এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়। ঘটনার পর থেকেই এসআরবি-১১ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে গোয়েন্দা নজরদারি জোরদার করে। আধুনিক তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্তের পর সোমবার সকালে এসআরবি-১১ ও এসআরবি-১৫-এর একটি যৌথ আভিযানিক দল কক্সবাজারের কলাতলী বিচ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কবির হোসেনকে গ্রেপ্তার করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দলীয় সমর্থনকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে জহির ফকির হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।