দক্ষিণ-পূর্ব বাংলার সর্বোচ্চ বিদ্যাপীঠ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৬০ বছর পূর্তি উপলক্ষে হীরকজয়ন্তী উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই উৎসবকে স্মরণীয় করে রাখতে আজ থেকে আনুষ্ঠানিক রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে।
শুক্রবার ( ৩০ অক্টোবর) চট্টগ্রাম প্রেস ক্লাবের ৩য় তলায় ভিআইপি কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে হীরকজয়ন্তী উদযাপন পরিষদ এই ঘোষণা দেয়।
সংবাদ সম্মেলনে জানানো হয়, হীরকজয়ন্তী উৎসবে অংশ নিতে আগ্রহীদের আগামী ১২ নভেম্বর পর্যন্ত রেজিষ্ট্রেশন করতে হবে। রেজিষ্ট্রেশন ফি নির্ধারণ করা হয়েছে ১ হাজার টাকা। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী সকলেই এই রেজিষ্ট্রেশনের আওতায় উৎসবে অংশ নিতে পারবেন।
এ সময় বক্তারা বলেন, ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ৬০ বছরের দীর্ঘ পথচলায় দেশে-বিদেশে হাজারো কৃতি শিক্ষার্থী তৈরি করেছে। ৬০ বছরের এই মিলনমেলায় সকল প্রজন্মের শিক্ষার্থীদের একত্রিত করতেই এই হীরকজয়ন্তীর আয়োজন। উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান, স্মৃতিচারণ, র্যালিসহ নানা আয়োজন থাকবে।
সংবাদ সম্মেলনে হীরকজয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক, সদস্য সচিবসহ বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ শিক্ষক ও প্রাক্তন শিক্ষার্থী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।