নড়াইলের লোহাগড়া উপজেলায় ইজিবাইক নিয়ন্ত্রণ হারিয়ে মিজান শেখ (৫০) নামে এক ইজিবাইকের যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার যশোর- কালনা মহাসড়কের রামপুর দরগার সামনে এই দুর্ঘটনা ঘটে।
নড়াইলের হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মহিদুল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত মিজান শেখ উপজেলার কাশিপুর ইউনিয়নের ঈশানগাতি গ্রামের মৃত পহম শেখের ছেলে।
পারিবারিক সুত্রে জানা গেছে , শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে লোহাগড়া বাজার থেকে ইজিবাইকে ঈশানগাতি গ্রামের দিকে যাচ্ছিলেন মিজান শেখ পথিমধ্যে যশোর- কালনা মহাসড়কের রামপুর দরগার সামনে আসলে ইজিবাইকটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
এতে মিজান শেখ গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ বিষয়ে নড়াইলের হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো: মহিদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।