নড়াইল সদর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে চারটি চোরাই ইজিবাইক, মোটরসাইকেল ও বিভিন্ন যন্ত্রাংশসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। দীর্ঘদিন ধরে চালকদের অজ্ঞান করে যানবাহন ছিনতাইয়ের ঘটনায় এই সাফল্য পেল আইনশৃঙ্খলা বাহিনী। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন— সদর উপজেলার বাঁশগ্রামের মিরাজুল ইসলাম (৩০), রিফায়েত মোল্যা (১৬) ও সবুজ মোল্যা (৩৩)।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বাঁশগ্রাম এলাকায় রাতভর অভিযান চালিয়ে এই চক্রের সন্ধান পায় পুলিশ। রাতে মিরাজুল ইসলামের বাড়িতে প্রথম অভিযান পরিচালনা করা হয়। সেখান থেকে একটি ইজিবাইক ও একটি পালসার মোটরসাইকেল উদ্ধার করেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
পরবর্তীতে মিরাজুলের দেওয়া তথ্যে একই গ্রামের রিফায়েত মোল্যা এবং সবুজ মোল্যার বাড়িতে পৃথক অভিযান চালিয়ে আরও তিনটি ইজিবাইক ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। অভিযুক্তরা দীর্ঘদিন ধরে নড়াইল শহরের বিভিন্ন এলাকা থেকে চালকদের কৌশলে অজ্ঞান করে যানবাহন ছিনতাই ও চুরির সাথে জড়িত ছিল।
এবিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের জোর তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধার মালামাল পুলিশের হেফাজতে রাখা হয়েছে।