নওগাঁর সাপাহারে উৎসবমুখর পরিবেশে প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৩০ অক্টোবর) সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য জনাব মোস্তাফিজুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব রোমানা রিয়াজ। এছাড়াও উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম চৌধুরী বেলু ও মোঃ সারোয়ার জাহান লাবু সহ স্থানীয় নেতা কর্মী গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলাটি সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালিত হয়। মাঠে নারী ফুটবলারদের অংশগ্রহণ দেখতে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায়। খেলা উপভোগ করতে আসা কয়েকজন দর্শক জানান, সাপাহারে এই প্রথম নারী ফুটবল দলের এমন খেলা অনুষ্ঠিত হতে দেখেছেন তাঁরা।
এ ধরনের আয়োজন দেখতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত ও উচ্ছ্বসিত। ভবিষ্যতেও এমন খেলার আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।
এ ধরনের প্রীতি ফুটবল ম্যাচ নারী খেলাধুলার প্রসার, প্রতিভা বিকাশ এবং নতুন প্রজন্মের নারীদের খেলাধুলায় আগ্রহী করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন স্থানীয় ক্রীড়াপ্রেমীরা।