কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ৬নং সালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা করেছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ সাদেকুর রহমান সাদেক। শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ডুমরাকান্দা বাজারে নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষীদের অংশগ্রহণে বিশাল মিছিল ও শোডাউনের পর ডুমরাকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় তিনি আনুষ্ঠানিকভাবে নিজের প্রার্থিতা ঘোষণা করেন।
জনসভায় চেয়ারম্যান পদপ্রার্থী সাদেকুর রহমান সাদেক বলেন, সময়ের পরিবর্তনের সঙ্গে সালুয়া ইউনিয়নের উন্নয়ন পরিকল্পনা ও স্থানীয় সরকার ব্যবস্থাপনাতেও পরিবর্তন প্রয়োজন। তিনি নির্বাচিত হলে ইউনিয়নটিকে আধুনিক, উন্নত, সমৃদ্ধ ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেবেন।
নিজের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, সালুয়া ইউনিয়নকে মাদকমুক্ত করার পাশাপাশি নাগরিক সেবা সহজ ও কার্যকর করা, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও তরুণদের জন্য সুযোগ সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার জন্য কাজ করতে চান। একই সঙ্গে স্থানীয় সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি।
সাদেকুর রহমানের সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সঙ্গে তাঁর যোগাযোগ রয়েছে এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তিনি সম্পৃক্ত। এ কারণে এলাকায় তিনি ‘মানবিক সাদেক’ নামে পরিচিতি পেয়েছেন। তাঁদের প্রত্যাশা, তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্বের মাধ্যমে ইউনিয়নের বিভিন্ন সমস্যা সমাধানে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
প্রার্থিতা ঘোষণাকে কেন্দ্র করে আয়োজিত কর্মসূচিতে বিপুলসংখ্যক নেতা-কর্মী, সমর্থক ও শুভাকাঙ্ক্ষী অংশ নেন। মিছিলটি ডুমরাকান্দা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জনসভাস্থলে গিয়ে শেষ হয়।
চেয়ারম্যান পদপ্রার্থী সাদেকুর রহমান সাদেক বলেন, সালুয়া ইউনিয়নের উন্নয়নকে শুধু অবকাঠামোগত কর্মকাণ্ডের মধ্যে সীমাবদ্ধ না রেখে একটি নিরাপদ, পরিচ্ছন্ন, শিক্ষাবান্ধব, কর্মমুখী ও জনবান্ধব ইউনিয়ন গড়ে তুলতে চান। এ লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন।
তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে সালুয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে অন্য সম্ভাব্য প্রার্থীদের অবস্থান এবং রাজনৈতিক সমীকরণ কী দাঁড়ায়, তা আগামী দিনে আরও স্পষ্ট হবে বলে স্থানীয়রা মনে করছেন।