নওগাঁর পত্নীতলা উপজেলার আমাইড় ইউনিয়নের চক ভবানী গ্রামে আফজাল হোসেনের আয়োজনে জমজমাট বাউল গানের আসর অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রখ্যাত বাউল শিল্পী আব্দুর রউফ সরকার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১০ নম্বর আমাইড় ইউনিয়নের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী আসনের মেম্বার পদপ্রার্থী পলি বানু।
প্রধান অতিথির বক্তব্যে পলি বানু গ্রামীণ সংস্কৃতি সংরক্ষণ ও লোক ঐতিহ্য টিকিয়ে রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "বাউল গান আমাদের আবহমান বাংলার লোক সংস্কৃতির এক অমূল্য রত্ন। এ ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান মানুষের মনে আনন্দের খোরাক জোগানোর পাশাপাশি সমাজে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।" বক্তব্যে তিনি আগামী নির্বাচনে ওয়ার্ডবাসীর সার্বিক সহযোগিতা, দোয়া ও সমর্থন কামনা করেন।
সভাপতির বক্তব্যে আব্দুর রউফ সরকার লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরে বলেন, বাউল গান মানবপ্রেম ও ঐক্যের বার্তা ছড়ায়। এরপর তাঁর মনোমুগ্ধকর ও সুমধুর কণ্ঠে একের পর এক হৃদয়ছোঁয়া বাউল গান পরিবেশিত হয়, যা উপস্থিত দর্শকদের দীর্ঘক্ষণ মন্ত্রমুগ্ধ করে রাখে।
সাংস্কৃতিক এই আসরে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ আশপাশের নানা প্রান্ত থেকে আসা শত শত বাউলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন। বাউল গানের এই সুরের মূর্ছনায় সমগ্র চক ভবানী গ্রামে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।