প্রধানমন্ত্রীর কাছে লিখিত আবেদন, অগ্রাধিকার দিলেন জনমত ও স্থানীয় স্বার্থকে
ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি ইউনিয়ন নিয়ে নতুন উপজেলা গঠনের প্রস্তাবের বিপক্ষে অবস্থান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে লিখিত আবেদন করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর–বিজয়নগর) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। স্থানীয় মানুষের মতামত, ভৌগোলিক অবস্থান, প্রশাসনিক বাস্তবতা ও সার্বিক জনস্বার্থ বিবেচনায় নিয়ে প্রস্তাবটি বাতিলের দাবি জানিয়েছেন তিনি।
উল্লেখ্য রামরাইল, সুলতানপুর, বাসুদেব, সিঙ্গারবিল ও বিষ্ণুপুর ইউনিয়ন নিয়ে বরিশল নামে নতুন উপজেলা গঠনের প্রস্তাব করেন বি এন পি নেতা কবির আহমেদ এ বিষয়ে গত ২৮ অক্টোবর প্রধানমন্ত্রী বরাবর এই আবেদন পাঠান সংসদ সদস্য শ্যামল।
আবেদনে তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্ট পাঁচটি ইউনিয়নের মানুষের মতামত ও স্থানীয় বাস্তবতা যথাযথভাবে বিবেচনা না করে নতুন উপজেলা গঠনের সিদ্ধান্ত নেওয়া হলে এলাকায় প্রশাসনিক ও সামাজিক জটিলতা সৃষ্টি হতে পারে। এ ধরনের সিদ্ধান্তের ক্ষেত্রে জনমত, ভৌগোলিক অবস্থান এবং বিদ্যমান প্রশাসনিক কাঠামোর বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।
এমপি শ্যামল তাঁর আবেদনে আরও বলেন, নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে এলাকার মানুষের প্রত্যাশা ও স্বার্থের বিষয়টি তাঁর কাছে গুরুত্বপূর্ণ। সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর মানুষের প্রশাসনিক, সামাজিক ও অর্থনৈতিক কর্মকাণ্ডের বাস্তব চিত্র বিবেচনা করেই তিনি প্রস্তাবটি বাতিলের অনুরোধ জানিয়েছেন।
শুধু লিখিত আবেদনেই নয়, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টেও বিষয়টি তুলে ধরেছেন তিনি। সেখানে তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট এলাকার সাধারণ মানুষের মতামত, প্রত্যাশা ও বৃহত্তর স্বার্থ বিবেচনায় নিয়েই প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেছেন। প্রতিটি প্রশাসনিক সিদ্ধান্তে যেন জনগণের মতামত ও স্বার্থের প্রতিফলন ঘটে, সেই প্রত্যাশাও ব্যক্ত করেছেন সংসদ সদস্য।
স্থানীয় পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক প্রস্তাব নিয়ে সরাসরি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এমপি শ্যামল তাঁর নির্বাচনী এলাকার মানুষের মতামত ও দাবিগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরেছেন। এখন প্রস্তাবটির বিষয়ে সরকারের পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট এলাকার মানুষ।