বগুড়ার আদমদীঘি উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার দুজনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রোববার (১ নভেম্বর) ডিএনসি বগুড়ার 'খ' সার্কেলের একটি আভিযানিক দল এবং আদমদীঘি উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আদমদীঘি উপজেলার ধুলাতইর গ্রামের মো. শাকিল মৃধা (২৭), পিতা মো. হাফিজার মৃধা এবং জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার ভাটকুড়ি গ্রামের মো. কামাল (৫০), পিতা মৃত মোকছেদ আলী মণ্ডল।
অভিযানকালে তাদের কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা ও ২ লিটার চোলাইমদ উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে প্রথম আসামি শাকিল মৃধাকে ২ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড এবং দ্বিতীয় আসামি কামালকে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।