বগুড়া শহরের পৃথক দুটি এলাকায় অভিযান চালিয়ে ৮০ গ্রাম গাঁজাসহ আটজনকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে গ্রেপ্তার ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (১ নভেম্বর) বিকেল সাড়ে ৪টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত বগুড়া সদর উপজেলার স্টেশন রোডের স্বপ্নপুরী হোটেলের সামনে এবং চকসুত্রাপুর চামড়াগুদাম এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএনসি বগুড়ার 'ক' সার্কেলের একটি আভিযানিক দল বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহজালালের নেতৃত্বে এ অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—নিহাত মিয়া (২০), আরমান ইসলাম (৩৩), আবু তালাহা (২৭), বিশ্বজিৎ (৪৭), মনজুর আলম (৪০), রনি (৪২), সুমন সরকার (২৮) ও শেখ শামীম (৫০)। তাঁদের সবার বাড়ি বগুড়া জেলার বিভিন্ন এলাকায়।
ডিএনসির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিযানে মোট ৮০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত নিহাত মিয়াকে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা, ছয়জনকে ২১ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে জরিমানা এবং শেখ শামীমকে ২৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করেন।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, অভিযানে উদ্ধার করা গাঁজা নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়েছে।